Mamata Banerjee on Budget: বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় তুলোধনা করেন কেন্দ্র ও বিরোধী রাজনৈতিক দলগুলিকে। তিনি জানিয়ে দেন, রাজ্যের প্রকল্প সংখ্যা ১০০ পার করেছে।
৪ লক্ষ ৬ হাজার কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দেন, বাজেটে রাজ্যের সব স্তরের মানুষের স্বার্থের কথা বিবেচনা করা হয়েছে। মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, 'আমরা এতো বঞ্চনা সত্ত্বেও এই বাজেট করলাম। কেন্দ্র তো বাংলাকে কিছুই দিল না।' রাজ্য সরকারের প্রকল্পের সংখ্যা ১০০ পার করল বলেও জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এত দিন রাজ্যে ৯৪টি প্রকল্প ছিল. আজ মনে হয় আরও পাঁচ-ছ'টি নতুন প্রকল্পের ঘোষণা হয়েছে। সুতরাং সেঞ্চুরি হয়ে গেল।'
কেন্দ্রকে নিশানা
অন্তর্বর্তী বাজেট পেশের সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন। তিনি বলেন, কেন্দ্রের বাজেট দিশাহীন। কিন্তু রাজ্য সরকার সীমিত সামর্থেই কাজ করছে. তিনি বলেন, 'বাংলাকে ওরা বঞ্চনা করেই চলেছে। যেখানে পারছে, বাংলাদেশি বলে মারধর করে দিচ্ছে। অন্তঃসত্ত্বাকেও ছাড়া হচ্ছে না। কোনও টাকাই দিচ্ছে না। শুধু নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত।' তিনি আরও বলেন, তাংর সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের একাধিক স্থানে রাস্তা তৈরি হয়েছে। তাঁর সরকার রাজ্যের সর্বত্র পানীয় জল পৌঁছে দিয়েছে। তিনি দাবি করেন, তাঁর আমলে রাজ্যে বেকারত্বে ৪৫.৬৫ শতাংশ কমেছে বঙ্গে। তিনি দাবি করেন, তাঁর সরকার ১ কোটি ৭২ লক্ষের বেশি মানুষকে দারিদ্রসীমা থেকে বের করে এনেছে। তিনি আরও জানিয়েছেন, কেন্দ্রের সহযোগিতা ছাড়াই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে।
বিরোধীদের নিশানা
মমতা বন্দ্যোপাধ্য়ায় নিশানা করেন বিরোধী রাজনৈতিক দলের সদস্যদেরও । তিনি বলেন, 'আমরা কোর্টেও জিতি ভোটেও জিতি।' তিনি বিজেপির সদস্যদের উদ্দেশ্যে বলেন, 'আপনারা অনেক আসনে হারবেন।' এসআইআর নিয়ে মমতা বলেন, ' বিরোধীরা শুধু অনুপ্রবেশকারী ইস্যু ধরছে। নতুন ভোটাররা কি ভোট দেবেন না? আপনি বাঙালি পরিযায়ীদের হেনস্থা নিয়ে কী বলেছেন?' অসম-সহ উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলিতে কেন এসআইআর হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্টের ডিএ মামলা নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তাঁর হাতে এখনও পর্যন্ত ডিএ মামলার রায়ের কপি আসেনি। তাই এই বিষয়ে তিনি কিছুই বলবেন না।


