গ্রেফতার তৃণমূল নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার পুরনো একটি মামলায় তাঁকে গ্রেফতার করে কোচবিহার জেলা পুলিশ। ফুলবাগানের ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে। 

গ্রেফতার তৃণমূল নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার পুরনো একটি মামলায় তাঁকে গ্রেফতার করে কোচবিহার জেলা পুলিশ। ফুলবাগানের ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, ভোট-পরবর্তী হিংসার মামলাতেই দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়নকে গ্রেফতার করা হয়েছে। ২০২১ সালের বিধানসভা ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর কোচবিহারে ভোট-পরবর্তী হিংসায় যুক্ত থাকার অভিযোগ ওঠে উদয়নের বিরুদ্ধে। ভোট-পরবর্তী হিংসা ছাড়াও তাঁর বিরুদ্ধে কয়েকটি দুর্নীতি সংক্রান্ত মামলাও রয়েছে। পুলিশের আরেকটি সূত্রে খবর, আর্থিক তছরুপের মামলায় কোচবিহার জেলা পুলিশ গ্রেফতার করেছে তাঁকে। যদিও, এটি একটি পুরনো মামলা। পুলিশ সূত্রে খবর, দিনহাটা থানা থেকে কোটি টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন বিধায়ক। গ্রেফতারের পরেই ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। পুলিশ সূত্রে খবর, শিয়ালদহ আদালতে পেশ করে তাঁকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হবে কোচবিহার। আজই প্রাক্তন মন্ত্রীকে উত্তরবঙ্গে নিয়ে যাবে পুলিশ। 

গত ৪ মে দিনহাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর কাছে হেরে যাওয়ার পরে কোচবিহার ছেড়ে চলে গিয়েছিলেন উদয়ন। তার পর থেকে তিনি থাকছিলেন কলকাতাতেই। উত্তরবঙ্গের রাজনীতিতে উদয়ন গুহ এক অতি পরিচিত ও প্রভাবশালী নাম। ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই উত্তরবঙ্গে দলের অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছিলেন তিনি। তবে রাজনীতির পাশাপাশি তাঁর বিতর্কিত ও কড়া মন্তব্য বারবার দলের অস্বস্তি বাড়িয়েছে। উদয়ন গুহের বিরুদ্ধে বিভিন্ন সময়ে উস্কানিমূলক মন্তব্য, মারধর এবং নির্বাচনী হিংসায় প্ররোচনা দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ দায়ের হয়েছিল। সূত্রের খবর, দিনহাটা থানার একটি পুরনো ও সুনির্দিষ্ট মামলার পরিপ্রেক্ষিতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ঠিক কোন মামলার জেরে এই গ্রেফতারি তা নিয়ে এখনও জেলা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

ফুলবাগান থানায় নিয়ে যাওয়ার পর উদয়ন দাবি করেন, যে মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, সেই মামলায় আগাম জামিন নেওয়া রয়েছে তাঁর। পুলিশ বেআইনি ভাবে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।