Durgapur Murder: রবিবার সকালে দুর্গাপুরে উড়ালপুলের নিচ থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের পচাগলা দেহ উদ্ধার হয়েছে। কোকওভেন থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে …
দুর্গাপুরে চাঞ্চল্যকর ঘটনা! রবিবার সকালে দুর্গাপুরে উড়ালপুলের নিচ থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের পচাগলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, কাছেই থাকা একটি ভাঙাচোরা বাড়ি থেকে দেহটি টেনে-হিঁচড়ে রাস্তায় নিয়ে আসা হয়েছিল। রাস্তার উপর টানার দাগও স্পষ্টভাবে দেখা গিয়েছে বলে তাঁদের দাবি। ঘটনাটি ঘিরে যুবককে খুন করা হয়েছিল কি না, এই নিয়ে জোরালো প্রশ্ন উঠছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেলের গুড সাইটের কাছে মাঝেমধ্যেই খালি ট্রাক দাঁড়িয়ে থাকে। ট্রাকচালকদের কেউ কেউ পাশের ওই বাড়িটিতে থাকেন বলেও স্থানীয়দের দাবি। রবিবার সকালে ওই এলাকা থেকেই উড়ালপুলের নিচে যুবকের দেহ পড়ে থাকতে দেখা যায়। দেহ উদ্ধারের পর থেকেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। যুবকের পরিচয় কী? তাঁর মৃত্যু কীভাবে হয়েছে? কতদিন আগে মৃত্যু হয়েছে? আর যদি খুন হয়ে থাকেন, তাহলে কোথায় এবং কেন তাঁকে খুন করা হল? বাড়ি থেকে রাস্তা পর্যন্ত দেখা যাওয়া টানার দাগ ঘিরেই আপাতত রহস্য আরও ঘনীভূত হয়েছে।
স্থানীয় বাসিন্দা শম্ভু দাস বলেন, “বাড়ির ভেতর থেকে টেনে বের করা হয়েছে দেহ। কারণ দাগ দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু এই দেহটি কার, তা বোঝা যাচ্ছে না।” খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তার আগে যুবকের মৃত্যু খুন নাকি অন্য কোনও কারণে, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। ঘটনার তদন্তে স্থানীয় বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
