West Bengal Supplementary Voter List: আজ বিকেলেই প্রকাশিত হতে চলেছে এসআইআর-র সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। যারা এতদিন বিচারানাধীন লিস্টে ছিলেন, তাঁদের মধ্যে নিষ্পত্তি হওয়াদের নাম অতিরিক্ত তালিকায় থাকবে। প্রথম পর্যায়ে সেই সংখ্যাটা ২৮ লক্ষের আশপাশে থাকবে। রবিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যে ২৮ লক্ষ ৬ হাজার বিবেচনাধীন ভোটারের তথ্যের নিষ্পত্তি হয়েছে।
West Bengal Supplementary Voter List: আজ বিকেলেই প্রকাশিত হতে চলেছে এসআইআর-র সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। যারা এতদিন বিচারানাধীন লিস্টে ছিলেন, তাঁদের মধ্যে নিষ্পত্তি হওয়াদের নাম অতিরিক্ত তালিকায় থাকবে। প্রথম পর্যায়ে সেই সংখ্যাটা ২৮ লক্ষের আশপাশে থাকবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যে ২৮ লক্ষ ৬ হাজার বিবেচনাধীন ভোটারের তথ্যের নিষ্পত্তি হয়েছে। শুধু তাই নয়, আগামী সপ্তাহে শুক্রবার দ্বিতীয় তালিকা প্রকাশ হতে পারে বলেও জানা গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিচারাধীন ভোটারদের জন্য গঠিত হয়েছে ট্রাইবুনাল। নাম বাদ যাওয়া নিয়ে সেখানে আপত্তি জানানো যাবে।
সোমবার বিকেলেই জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে অতিরিক্ত ভোটার তালিকা পৌঁছে যাবে। অনলাইনে কমিশনের ওয়েবসাইটে গিয়ে অতিরিক্ত তালিকা দেখতে পাবেন ভোটারেরা। সোমবার বুথ, বিডিও, এসডিও অফিস, ডিএম অফিসে অতিরিক্ত তালিকা ঝোলানো হবে। যাদের নাম বাদ পড়বে, তাঁরা ট্রাইবুনালে আবেদন করে নাম তুলতে পারবেন। ইতিমধ্যে সেই ট্রাইবুনাল গঠন করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে।
২৮ ফেব্রুয়ারি কমিশন যে অসম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করেছিল, তাতে বিবেচনাধীন ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম। সেই নামের নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি বিচারবিভাগীয় আধিকারিকদের নিয়োগ করেছেন। এই মুহূর্তে রাজ্যে ৭০০ জনের বেশি বিচারক, অবসরপ্রাপ্ত বিচারক ওই কাজে নিযুক্ত রয়েছেন। জানা যাচ্ছে, সোমবার প্রথম অতিরিক্ত তালিকায় দুটি ‘কলাম’ বা দু’টি ভাগে নাম প্রকাশ করা হবে। একটি কলামে থাকবে যোগ্য হিসাবে বিবেচিত ভোটারের নাম। এবং অন্য কলামে ‘ডিলিটেড’ ভোটার অর্থাৎ যাঁদের নাম বাদ যাবে, তাঁদের তালিকা।অতিরিক্ত তালিকায় যদি কোনও ভোটারের নাম বাদ যায় বা বিচারকদের সিদ্ধান্ত নিয়ে কারও আপত্তি থাকে, তিনি ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন। অনলাইনে ও অফলাইন দুই উপায়েই সেখানে আবেদন করা যাবে। ইসিআইনেট মোবাইল অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে পারবেন ভোটার। অফলাইনে আবেদন জানাতে হবে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমাশাসকের কাছে।
এদিকে, পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সমস্ত জেলাশাসককে নির্দেশ দিয়েছে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের দিন আইন-শৃঙ্খলা ঠিক বজায় রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য। রাজ্য সচিবালয় নবান্ন থেকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর একটি নির্দেশিকা জারি করেছে। শনিবার জেলাশাসকদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, "সম্ভাব্য জমায়েতের স্থানগুলিতে ভিড় নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হোক। স্পর্শকাতর এলাকাগুলিতে কঠোর নজরদারি চালানো হোক। আইন-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হোক।" ওই আধিকারিক জেলা প্রশাসনকে আরও নির্দেশ দিয়েছেন যে, প্রয়োজনীয় পরিকাঠামোগত সহায়তা নিশ্চিত করতে হবে এবং পুলিশকে এই বিষয়ে সর্বদা অবহিত রাখতে হবে।
