দুর্গাপুজোর পাস বিলি সংক্রান্ত মামলায় বড় পদক্ষেপ। সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দফতরে জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন মন্ত্রী তথা চন্দননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বুধবার বিকেলে সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর পর তাঁকে পুলিশের গাড়িতে তোলা হয়।
দুর্গাপুজোর পাস বিলি সংক্রান্ত মামলায় বড় পদক্ষেপ। সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দফতরে জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন মন্ত্রী তথা চন্দননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বুধবার বিকেলে সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর পর তাঁকে পুলিশের গাড়িতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, তাঁকে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। অভিযোগ, দুর্গাপুজোর প্রিভিউ শো ও পাস বিক্রির ক্ষেত্রে ইউনেস্কোর নাম ব্যবহার করে বিপুল অঙ্কের আর্থিক অনিয়ম করা হয়েছে। এই ঘটনায় ইন্দ্রনীলের স্ত্রী মধুছন্দা সেনের সঙ্গে যুক্ত সংস্থা ‘মাস আর্ট’ (massArt)-এর ভূমিকা নিয়েও তদন্ত চলছে।
ইন্দ্রনীলের বিরুদ্ধে পুজোর পাসে দুর্নীতি সংক্রান্ত মূল অভিযোগটি দায়ের করা হয়েছিল কলকাতা পুলিশের কাছে। বৌবাজার থানায় অভিযোগ দায়ের করেন জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। অভিযোগকারীর দাবি, ইউনেস্কোর সঙ্গে অনুমোদিত সম্পর্ক থাকার দাবি করে দুর্গাপুজোর প্রিভিউ শোয়ের পাস বিক্রি করা হয়েছিল। এই ঘটনায় কলকাতার বৌবাজার থানায় অভিযোগ দায়ের হয়। পরে আর্থিক লেনদেনের সূত্র ধরে তদন্ত শুরু করে ইডি। তদন্তকারী সংস্থার সূত্রে আগে জানা গিয়েছিল, এই মামলায় প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। গত সেপ্টেম্বর মাসে ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। তদন্তের অংশ হিসেবে তাঁর সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনও খতিয়ে দেখা হচ্ছে।
আগাম জামিনের আবেদন খারিজ হাইকোর্টে
এই মামলায় আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইন্দ্রনীল সেন। গত ১৫ অক্টোবর তাঁর আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেও আবেদন করেছিলেন তিনি। ২৭ অক্টোবর মামলাটি শুনানির জন্য উঠলেও বিচারপতি দীপঙ্কর দত্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ান। বুধবার ইডির দফতরে হাজিরা দেওয়ার পরই ইন্দ্রনীল সেনকে পুলিশের গাড়িতে তোলার ঘটনা ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। পুলিশ সূত্রে তাঁর গ্রেফতারির খবর জানানো হয়েছে। তবে তাঁকে কোন নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি।




