পরিবেশবান্ধব পুজোর আয়োজনের জন্য রাজ্য সরকার 'সবুজ দুর্গাপুজো উৎকর্ষ সম্মান' চালু করছে। পরিবেশ রক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনায় জোর দেওয়া পুজো কমিটিগুলোকে ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক পুরস্কার দেওয়া হবে।

পুজোর কমিটিগুলোর জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। পরিবেশবান্ধব পুজোর আয়োজন করলে মিলবে মোটা টাকা। রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে গ্রিন দুর্গাপুজো এক্সেলেন্স অ্যাওয়ার্ড বা সবুজ দুর্গাপুজো উৎকর্ষ সম্মান। পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং সামাজিক সচেতনতার ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নেওয়া পুজো কমিটিগুলোকে দেওয়া হবে সম্মান। রাজ্য স্তরে সেরা পুজো কমিটিগুলো পাবেন ১ লক্ষ টাকা করে।

আবেদন করা যাবে অনলাইনে। পুজো কমিটিগুলোর জন্য বিশেষ গ্রিন দুর্গাপুজো ইভ্যালুয়েশন অ্যাপ চালু করা হচ্ছে। পাশাপাশি, স্বচ্ছ অ্যাপ-র মাধ্যমেও আবেদন করার ব্যবস্থা আছে। ইতিমধ্যেই প্রায় দুই হাজার পুজো কমিটি এই সম্মানের জন্য আবেদন করেছে। আবেদনকারী পুজো কমিটিগুলোর উদ্যোগ খতিয়ে দেখবে বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটি। শুধু পুরস্কার ঘোষণা নয়, দুর্গাপুজোকে কেন্দ্র করে পরিবেশ সচেতনতা বাড়াতেও বিশেষ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। পুজোমণ্ডপগুলোতে বিশেষ স্টল তৈরি করে সেখান থেকে দর্শনার্থীদের মধ্যে চারা গাছ বিতরণের জন্য পুজো কমিটিগুলোতকে উৎসাহিত করা হবে বলে জানান অগ্নিমিত্রা পাল।

তিনি আরও জানিয়েছেন, রাজ্যস্তরে সেরা পুজো কমিটির জন্য থাকছে ১ লক্ষ টাকার পুরস্কার। দ্বিতীয় স্থানে যারা থাকবে, তাদের ৮০ হাজার টাকা এবং তৃতীয় স্থানাধিকারীর জন্য থাকছে ৫০ হাজার টাকা পুরস্কার। শুধু রাজ্যস্তরেই নয়, জেলাভিত্তিক সেরা পুজো কমিটিগুলোকে পুরস্কৃত করা হবে। প্রতিটি জেলা থেকে নির্বাচিত শ্রেষ্ঠ পুজো কমিটিকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে মোট চারটি বিশেষ বিভাগে পুজো কমিটিগুলোকে পুরস্কৃত করা হবে। পরিবেশবান্ধব উপকরণ ব্যবহরা এবং পরিবেশ রক্ষায় বিশেষ উদ্যোগের জন্য এই সম্মান।

অর্থাৎ পরিবেশবান্ধব পুজোর আয়োজনের জন্য রাজ্য সরকার 'সবুজ দুর্গাপুজো উৎকর্ষ সম্মান' চালু করছে। পরিবেশ রক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনায় জোর দেওয়া পুজো কমিটিগুলোকে ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক পুরস্কার দেওয়া হবে। সদ্য এমনই ঘোষণা করলেন অগ্নিমিত্রা পল।