বিধানসভা নির্বাচনের পরে বিজেপির সমর্থনে সরকার গড়তে আপত্তি নেই, জানিয়ে দিলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। তাঁর দাবি, বিধানসভা নির্বাচনের পরে সরকার গঠনের জন্য তিনিই কিং মেকার হবেন।

বিধানসভা নির্বাচনের পরে বিজেপির সমর্থনে সরকার গড়তে আপত্তি নেই, জানিয়ে দিলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। তাঁর দাবি, বিধানসভা নির্বাচনের পরে সরকার গঠনের জন্য তিনিই কিং মেকার হবেন। এর জন্য বিজেপির হাত ধরতেও আপত্তি নেই। তবে তিনি জানিয়েছেন, প্রয়োজনে তৃণমূলের সমর্থনও তিনি নিতে পারেন। বৃহস্পতিবার হুমায়ুন কবিরের বাবরি যাত্রা করেন। নদিয়ার পলাশি মনুমেন্ট বাবরি যাত্রা শুরু করেন তিনি। প্রথমে কিছুটা হেঁটে পরে মোটরবাইকে যাত্রা এগিয়ে চলে মুর্শিদাবাদে। ফুলবাগান হয়ে মুর্শিদাবাদের লোকনাথপুর এবং সেখান থেকে বাবরি মসজিদ পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার হেঁটে পৌঁছন।

পরে সাংবাদিক বৈঠকে হুমায়ুন বলেন, 'আমি নির্বাচনে লড়লে রাজ্যের শাসকদলের ক্ষতি হবে। এখন ২২০টার বেশি সিট আছে ওদের কাছে। বিধানসভা নির্বাচনে তৃণমূল ৭৫টার বেশি আসন পাবে না। সরকার আমিই বানাব। কার সঙ্গে সরকার হবে সেটা পরে ভাবব। ১০০টার বেশি আসন পাব। তারপর সরকার গড়া নিয়ে ভাবব। তৃণমূল বা বিজেপি, কারও সঙ্গেই জোট করে সরকার বানাব না। আমি বাইরে থেকে সমর্থন নিয়ে সরকার বানাব। সেটা তৃণমূলও হতে পারে, বিজেপিও হতে পারে। সমর্থন নেওয়ার জন্য কোনও বাছবিচার নেই। সরকার আমিই চালাব। বাইরে থেকে সমর্থন নেওয়া নিয়ে কোনও সমস্যা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র লক্ষ্য ছিল মুখ্যমন্ত্রীর চেয়ার। সিপিএমের মহম্মদ সেলিমের সঙ্গে কথা হয়েছে।'

প্রথম 'বাবরি যাত্রা' শুরু হওয়ার কছা ছিল নদিয়ার পলাশি থেকে। এটির শেষ হওয়ার কথা ছিল উত্তর দিনাজপুরের ইটাহারে। যাত্রাপথ ছিল প্রায় ২৬৫ কিলোমিটার। কিন্তু পুলিশ এতদীর্ঘ যাত্রাপথের অনুমোদন দেয়নি পুলিশ। তাই রুট কাটছাঁট করতে বাধ্য হন হুমায়ুন। এদিকে, বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের কাজ বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। কোরান পাঠের মধ্যে দিয়েই নিজের হাতেই প্রথম ইট গেঁথে নির্মাণ কাজ শুরু করেছিলেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেস বিধায়ক। গত ৬ ডিসেম্বর বেলডাঙায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে এই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

তার আগে গত ৪ ডিসেম্বর হুমায়ুনকে তৃণমূল থেকে ছয় বছরের জন্য সাসপেন্ড করা হয়। এরপর তিনি ‘জনতা উন্নয়ন পার্টি’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন। একই সঙ্গে আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাও করেন হুমায়ুন।