Maa Canteen: আচমকা রাজ্যজুড়ে বন্ধ 'মা ক্যান্টিন', ৫ টাকায় মিলছে না ডাল-ভাত
রাজ্যে সরকার পরিবর্তনের কারণে গোটা রাজ্যে বন্ধ হয়ে গেল কয়েকশো মা ক্যান্টিন। সরকারি সূত্রে খবর, রাজ্যজুড়ে অন্তত ৩৯২টি মা ক্যান্টিন গত কয়েকদিনে বন্ধ হয়ে রয়েছে।
রাজ্যে সরকার পরিবর্তনের কারণে গোটা রাজ্যে বন্ধ হয়ে গেল কয়েকশো মা ক্যান্টিন। সরকারি সূত্রে খবর, রাজ্যজুড়ে অন্তত ৩৯২টি মা ক্যান্টিন গত কয়েকদিনে বন্ধ হয়ে রয়েছে। ক্যান্টিন চালালে টাকা মিলবে কি মিলবে না, সেই সংশয়ে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী ও এনজিও ক্যান্টিনগুলি বন্ধ করে দিয়েছে।

শুধু কলকাতাতেই বন্ধ হয়েছে ৫২টি ক্যান্টিন। মা ক্যান্টিন থেকে থেকে পাঁচ টাকায় দুপুরের খাবার কিনে খেতে পারা যেত। মা ক্যান্টিন বন্ধ হওয়ার জেরে তাই ফুটপাতবাসী, গৃহহীনরা সমস্যায় পড়বেন।
২০২১ বিধানসভা নির্বাচনের আগে বাজেটে মা ক্যান্টিন চালুর কথা ঘোষণা করেনন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকারের 'মা ক্যান্টিন' (Maa Canteen) হল একটি কল্যাণমূলক প্রকল্প, যা ১৫ ফেব্রুয়ারি ২০২১ থেকে চালু হয়েছে। এর অধীনে মাত্র ৫ টাকার বিনিময়ে দুঃস্থ ও অভাবী মানুষদের পুষ্টিকর এবং মানসম্মত রান্না করা খাবার (ভাত, ডাল, সবজি ও ডিম) দেওয়া হয়।
সাধারণত দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত ক্যান্টিন খোলা থাকত। তবে চাহিদা এতটাই বেশি ছিল যে, অনেক সময় নির্ধারিত সময়ের আগেই খাবার শেষ হয়ে যেত।
প্রথমে সাতটি পুরনিগম ও ৩৪টি পুরসভা এলাকায় এই প্রকল্প চালু হলেও পরে তা রাজ্যের আরও বহু এলাকায় ছড়িয়ে দেওয়া হয়। এখন নতুন সরকারের আমলে এই প্রকল্প চালু থাকবে কি না, তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে।
যদিও, কলকাতা পুরসভার বক্তব্য, মা ক্যান্টিন বন্ধ করতে কেউ নির্দেশ দেয়নি। তবে খরচ করার পর নতুন সরকারের তরফে সেই অর্থ পাওয়া যাবে কি না, তা নিয়ে অনেকেই নিশ্চিত নয়। সেই আশঙ্কায় অনেক স্বনির্ভর গোষ্ঠী এবং এনজিও ক্যান্টিন চালাচ্ছে না। খাবার সরবরাহের দায়িত্বে থাকা একটি স্বেচ্ছাসেবী সংস্থার এক কর্তা জানান, তাঁরা প্রতিদিন প্রায় ৮ হাজার মানুষের জন্য রান্না করতেন। কিন্তু গত কয়েকদিনে নতুন করে চাল, ডাল বা ডিমের কোনও সরবরাহ আসেনি। ফলে শুক্রবার থেকেই রান্নার কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.