আদালত ও প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে কালীপুজোর রাতে নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগ উঠল কলকাতার বিভিন্ন এলাকায়। নিয়ম ভাঙার বিরুদ্ধে রাতভর অভিযান চালাল কলকাতা পুলিশ। নিষিদ্ধ বাজি পোড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২০৫ জনকে। সব মিলিয়ে বিভিন্ন অভিযোগে গ্রেফতারির সংখ্যা ৫৯২। বাজেয়াপ্ত হয়েছে ২৩৮.৬ কেজি নিষিদ্ধ বাজি।
আদালত ও প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে কালীপুজোর রাতে নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগ উঠল কলকাতার বিভিন্ন এলাকায়। নিয়ম ভাঙার বিরুদ্ধে রাতভর অভিযান চালাল কলকাতা পুলিশ। নিষিদ্ধ বাজি পোড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২০৫ জনকে। সব মিলিয়ে বিভিন্ন অভিযোগে গ্রেফতারির সংখ্যা ৫৯২। বাজেয়াপ্ত হয়েছে ২৩৮.৬ কেজি নিষিদ্ধ বাজি। পাশাপাশি ট্রাফিক আইন ভাঙার অভিযোগে ৫৯৩ জনের বিরুদ্ধে মামলা করেছে কলকাতা ট্রাফিক পুলিশ।
কালীপুজো ও দীপাবলিতে শব্দদূষণ নিয়ন্ত্রণে আগেই একাধিক নির্দেশিকা জারি করেছিল প্রশাসন। শুধুমাত্র নির্দিষ্ট সময়ের মধ্যে অনুমোদিত গ্রিন ক্র্যাকার পোড়ানোর অনুমতি ছিল। কিন্তু অভিযোগ, সেই নির্দেশিকা মানেননি শহরের বহু বাসিন্দা। রাতভর বিভিন্ন জায়গায় শব্দবাজি ফাটানো হয়েছে। নিষিদ্ধ বাজি ফাটানো এবং বিশৃঙ্খল আচরণের অভিযোগে মোট ৫৯২ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তাঁদের মধ্যে ২০৫ জনের বিরুদ্ধে নিষিদ্ধ বাজি পোড়ানোর অভিযোগ রয়েছে। বাকি ৩৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে অসংযত আচরণের অভিযোগে। এ ছাড়া অভিযানে ২৩৮.৬ কেজি নিষিদ্ধ বাজি এবং ৬ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়েছে।
ট্রাফিক আইন ভেঙেও রেহাই নেই! ৫৯৩ জনের বিরুদ্ধে মামলা
কালীপুজোর রাতে শুধু বাজি নয়, ট্রাফিক আইন ভাঙার বিরুদ্ধেও অভিযান চালিয়েছে পুলিশ। মোট ৫৯৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। হেলমেট ছাড়া বাইক চালানোয় ৩৩২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বাইকের পিছনে বসে হেলমেট না পরায় ১২২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে ৭৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ৬৪ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তবে, গত বছর ট্রাফিক আইন ভাঙার অভিযোগে ৮৮২টি মামলা হয়েছিল। এ বছর সেই সংখ্যা কমেছে।
বাজি ফাটানোর নিয়ম কী ছিল?
রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী, কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি ফাটানোর অনুমতি ছিল। শুধুমাত্র দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ অনুমোদিত গ্রিন ক্র্যাকার ব্যবহারের অনুমতি ছিল। নিষিদ্ধ শব্দবাজি পোড়ানো যাবে না। হাসপাতাল, স্কুল-সহ সাইলেন্স জোনের ১০০ মিটারের মধ্যে বাজি ফাটানো নিষিদ্ধ। নির্দেশ অমান্য করলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল প্রশাসন। কিন্তু তারপরেও শব্দবাজির দাপট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতার বহু বাসিন্দা।












