প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের জন্য পশ্চিমবঙ্গ সফরে আসছেন। তাঁর এই সফর এবং আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনকে কেন্দ্র করে, কলকাতা পুলিশ শনিবার বিকেল থেকে রবিবার পর্যন্ত শহরজুড়ে ব্যাপক যান চলাচল নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা জারি করেছে।
মোদীর সফরকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা শহরজুড়ে। দু দিনের পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শনিবার পশ্চিমবঙ্গ দিবসের উদযাপনে তিনি থাকবেন তারকেশ্বরে। বিকেলে কলকাতা যাবেন মোদী। শহর ছাড়বেন রবিবার সকালে। ফলে শনিবার বিকেল থেকেই শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

রবিবার পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। রেড রোডে পালিত হবে এই দিন। এই কর্মসূচিকে কেন্দ্র করে শহরে আগে থেকেই যান চলাচলে বেশ কিছু বিধিনিষেধ ছিল। মোদীর সফরের জন্য আরও কিছু নিষেধাজ্ঞা যোগ করা হয়েছে। শুক্রবার রাতেই কলকাতা পুলিশের তরফে বিবৃতি দিয়ে সেই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।
সূত্রের খবর, আজ শনিবার বিকেল সাড়ে ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত কলকাতা শহরে একাধিক রাস্তায় মালবাহী গড়ির চলাচলে থাকবে নিষেধাজ্ঞা। এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিক্যান্ট, অক্সিজেন, সবজি, ওষুধ, দুধ, মাছের গাড়িকে ছাড় দেওয়া হবে। বাকি গাড়ি ১১ ফারলং গেট থেকে কেপি রোড, জে অ্যান্ড এন আইল্যান্ড, ডাফরিন রোড, মেয়ো রোড, নেতাজি মুর্তি, আর আর অ্যাভিনিউ হয়ে লোকভবনের দক্ষিণ দ্বারের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। তেমনই শনিবার রাত ১২টা থেকে রবিবার বেলা ১২টা পর্যন্ত মালবাহী গাড়ির জন্য এই নিয়ন্ত্রণ থাকবে।
আজ শনিবার তারকেশ্বরের কর্মসূচি সেরে কলকাতার লোকভবনে এসে রাতে থাকবেন মোদী। কলকাতা পুলিশের নির্দেশ অনুসারে বিকেল থেকে থাকবে যানবাহনে নিয়ন্ত্রণ। সে কারণে অনেকেরই অনুমান রাস্তায় যানজট হবে।
এদিতে আবার বিকেল ৫টা থেকে রবিবার বেলা ১২টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট এবং এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে পুরনো কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদী বাগ দক্ষিণ ক্রসিং পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে। এই সব রাস্তায় গাড়ি চলাচল করবে না। সব মিলিয়ে মোদীর সফরকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা শহরজুড়ে। আজ একাধিক রাস্তা থাকবে বন্ধ। তেমনই নিয়ন্ত্রণ থাকবে মালবাহী গাড়ির ওপর।


