বাম, কংগ্রেসকে পাশে থাকার আবেদন বিজেপি বিরোধী লড়াইয়ে পাশে চান মমতা জোটবদ্ধ লড়াইয়ের ডাক দিলেন মুখ্যমন্ত্রী বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে আবেদন  

বিজেপি-কে রুখতে এবার সরাসরি বাম- কংগ্রেসকে পাশে চাইলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপায়। তাও আবার বিধানসভায় দাঁড়িয়ে। মুখ্যমন্ত্রী বলেন, দেশের সংবিধানকে রক্ষা করতে গেলে তৃণমূল, কংগ্রেস এবং বামেদের জোটবদ্ধ হয়েই লড়তে হবে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- কন্যাশ্রীতে এবার বেসরকারি স্কুলও, সবার মন পেতে মমতার কল্পতরু সাজ

এ দিন বিধানসভা অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, বাম- কংগ্রেসের নেতারাও অতীতে তাঁকেও নানা ভাবে আক্রমণ করেছেন। তাঁর সঙ্গে বাম, কংগ্রেসের ঝগড়াও হয়। কিন্তু সিপিএম, কংগ্রেস বা তৃণমূল কেউই দেশভাগ করবে না বলেই মন্তব্য করেন তিনি। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, বিজেপি যে পথে এগোচ্ছে তাতে দেশের ধর্মনিরপেক্ষ সংবিধানকেও তারা বদলে দিতে পারে। এটাই তাঁর মূল আশঙ্কার কারণ বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই দেশের সংবিধানকে বাঁচাতে বাম এবং কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোটবদ্ধ লড়াইয়ের প্রয়োজন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বার বার তিনি বলেন, বিজেপি বিরোধী লড়াইয়ে বাম এবং কংগ্রেসকে পাশে চান তিনি। 

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরেও এ রাজ্যে বিজেপি-র ভাল ফলের জন্য বামেদেরই দুষেছিলেন মমতা। লোকসভা ভোটে তিনি মহাজোট গঠনের চেষ্টা করলেও তা ফলপ্রসূ হয়নি। এ বার মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে যে বার্তা দিলেন, তা ২০২১ সালের নির্বাচনের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে 'জোটবদ্ধ' লড়াই বলতে মুখ্যমন্ত্রী নির্বাচনী জোটের কথাই বোঝাচ্ছেন, নাকি শুধুমাত্র একসঙ্গে বিজেপি বিরোধী আন্দোলন বা কর্মসূচির কথা বুঝিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। মুখ্যমন্ত্রীর এই আবেদনে বাম এবং কংগ্রেস নেতারা কীভাবে সাড়া দেন, সেটাই এখন দেখার।