কলকাতা বিমানবন্দরে বুধবার সকালে হাইজ্যাকের হুমকিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ওড়ার আগেই হাইজ্যাকের হুমকি পাওয়ায় তড়িঘড়ি সেটিকে আইসোলেশন বে-তে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিমানে থাকা সমস্ত যাত্রীকে নামিয়ে শুরু হয় নিরাপত্তা তল্লাশি।
কলকাতা বিমানবন্দরে বুধবার সকালে হাইজ্যাকের হুমকিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ওড়ার আগেই হাইজ্যাকের হুমকি পাওয়ায় তড়িঘড়ি সেটিকে আইসোলেশন বে-তে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিমানে থাকা সমস্ত যাত্রীকে নামিয়ে শুরু হয় নিরাপত্তা তল্লাশি। সূত্রের খবর, বুধবার সকাল ১০টা ২০ মিনিটে কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশে বিমানটির রওনা হওয়ার কথা ছিল। উড়ানের প্রস্তুতি চলাকালীন বিমানের শৌচাগারে একটি হুমকি মেসেজ দেখতে পান কর্মীরা। ওই মেসেজে উল্লেখ ছিল, সকাল ১১টা ১০ মিনিটে বিমানটি হাইজ্যাক করা হবে। বিষয়টি নজরে আসতেই বিমানকর্মীরা পাইলটকে জানান। এরপর পাইলট এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC)-কে বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা।
আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হল বিমান
নিরাপত্তার স্বার্থে বিমানটিকে নির্দিষ্ট আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। বিমানে থাকা সমস্ত যাত্রীকে নিরাপদে নামিয়ে দেওয়া হয়। এরপর গোটা বিমানটিতে তল্লাশি শুরু করেন নিরাপত্তারক্ষীরা। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানের শৌচাগারের ভিতরে একটি কাগজে হাইজ্যাকের হুমকি লেখা ছিল। কলকাতা বিমানবন্দরের অধিকর্তা বিক্রম সিং জানিয়েছেন, সকাল ১১টা ১০ মিনিটে বিমানটি হাইজ্যাক করা হবে বলে ওই বার্তায় উল্লেখ ছিল। ঠিক কে বা কারা এই হুমকি বার্তা লিখেছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
নিরাপত্তা তল্লাশি চলছে
বিমানটিতে কোনও সন্দেহজনক বস্তু রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বিস্তারিত তল্লাশি শুরু হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলি গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিমানটির উড়ান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে কলকাতা বিমানবন্দরে সাময়িক আতঙ্ক ছড়ালেও যাত্রীদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বারবার হুমকি, বাড়ছে উদ্বেগ
কলকাতা বিমানবন্দরে হাইজ্যাক আতঙ্কের ঘটনা নতুন নয়। গত অক্টোবরেও পর পর দু’দিন বোমাতঙ্ক ছড়িয়েছিল কলকাতা বিমানবন্দরে। ২৩ অক্টোবর বিমানবন্দরের মহিলা শৌচালয়ের কাছে একটি টিস্যু পেপারে বোমা রাখার হুমকি লেখা বার্তা উদ্ধার হয়। পরের দিন, ২৪ অক্টোবর, ফুকেট থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমানের শৌচালয়ের আয়নায় বোমা রাখার হুমকি লেখা বার্তা দেখতে পান বিমানকর্মীরা। পর পর দু’দিনের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়। যদিও তল্লাশিতে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
শুধু কলকাতা নয়, আন্তর্জাতিক বিমান চলাচলেও সাম্প্রতিক সময়ে ভয়াবহ ঘটনা ঘটেছে। গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে ইজ়রায়েলের তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ ওঠে সহ-পাইলটের বিরুদ্ধে। অভিযোগ, মাঝ আকাশেই ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে ককপিটের ভিতরে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন ওমানের ওই সহ-পাইলট। জরুরি পরিস্থিতিতে বিমানটি আচমকা উচ্চতা হারায়। আক্রমণে স্মিত মচ্ছরের মাথা ও হাতে গভীর ক্ষত তৈরি হয়। কিন্তু আহত অবস্থাতেও তিনি ককপিটের দরজা খুলতে সক্ষম হন। এরপর যাত্রী ও বিমানকর্মীরা মিলে অভিযুক্ত সহ-পাইলটকে নিরস্ত করেন। পরে বিমানে থাকা অন্য পাইলটদের সহায়তায় সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়। অভিযুক্ত সহ-পাইলটকে গ্রেফতার করে সৌদি কর্তৃপক্ষ।














