অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডিজে মন্তব্য নিয়ে অভিযোগকারী রাজীব সরকার ফের প্রাণনাশের আশঙ্কায় থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি আশঙ্কা করছেন, তাঁকে ভুয়ো মামলায় ফাঁসানো বা খুন করা হতে পারে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্য নিয়ে থানায় প্রথম অভিযোগ দায়ের করেছিলেন রাজীব। ফের সেই রাজীব সরকার করলেন ভয়ঙ্কর দাবি। রাজীব সরকারের দাবি, যখন তখন তাঁকে খুন করে ফেলা হতে পারে। এই আশঙ্কায় সল্টলেক সাইবার ক্রাইম থানায় তিনি ফের একটি অভিযোগ দায়ের করেছেন।

সদ্য ডায়মন্ড হারবারের আমতলায় অভিষেকের পার্টি অফিস ভাঙার কাজ শুরু হয়েছিল। সে প্রসঙ্গে একটি সাংবাদিক বৈঠক করেছিলেন সাংসদ। সেখানেই তিনি হুমকির সুরে কথা বলেন। এরপরই রাজীব সরকার ফের অভিযোগ দায়ের করেন। তিনি নিজের অভিযোগ পত্রে জানান, ডিজে মন্তব্য নিয়ে প্রথম অভিযোগ দায়ের করায় তিনি অভিষেকের নিশানায় আছেন। আশঙ্কা এখন হয় তাঁকে ভুয়ো মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে, নয়তো খুন করে ফেলা হবে। তাঁর কথায়, ‘আমি যেহেতু একবার অভিযোগ দায়ের করেছি, তাই ওঁর নিশানার তালিকায় রয়েছি। হয় আমাকে ভুয়ো মামলায় ফাঁসানো হবে, নয়তো শেষ করে দেওয়া হবে।’

এরই সঙ্গে মদন মিত্রের করা মন্তব্য টেনে তিনি লিখেছেন, আমার প্রাণের আশঙ্কা যে বাস্তব, তা বর্ষীয়ান রাজনৈতিক নেতা এবং অভিষেকের এক সময়ের ঘনিষ্ঠ নেতা মদন মিত্রের কথা থেকেও বোঝা যায়। মদন একটি ফেসবুক লাইভ করে বলেছিলেন, তিনি ২৭ মাস জেল খেটেছেন। অভিযুক্তের অপরাধমূলক কাজ সম্বন্ধে মদন বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন। তিনি বলেছেন, আমি অভিষেককে একটা জিনিস বলতে চাই। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। অভিষেক তুমি একটা ক্রিমিনাল। একটা খুনি। টাকা দিয়ে তুমি খুন করাও। সুপারি কিলার দিয়ে তুমি খুন করাও। তোমার অপরাধের প্রবণতা আছে।’ মদনের এই বক্তব্যই বড় প্রমাণ। এর থেকে প্রমাণিত হয়, সুপারি কিলার দিয়ে অভিষেক খুন করান। আমি ওঁর বিরুদ্ধে তথ্য ফাঁস করেছি এবং আইনি পথে ওঁকে চ্যালেঞ্জ করেছি, ফলে আমার জীবনের ঝুঁকি আছে। অভিষেকের ভাড়া করা সুপারি কিলার আমাকে যে কোনও মুহূর্তে খুন করে ফেলতে পারে।