SP on Birbhum Encounter: বীরভূমের রতন শেখের এনকাউন্টার নিয়ে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, পালানোর চেষ্টা ও পুলিশের চোখে ধুলো দিতে পাল্টা গুলি চালিয়েছিল রতন শেখ। কী ঘটেছিল এনকাউন্টারের সময়? জানুন বিস্তারিত।

এনকাউন্টারে হত বীরভূমের কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ। তাঁর বিরুদ্ধে প্রায় ৩৬টি মামলা রয়েছে। সদ্যোই জেল থেকে মুক্তি পেয়েছিল। রবিবার রাতে বীরভূম পুলিশের গুলিতে খতম হয় দাগি অপরাধী রতন শেখ। কিন্তু তার মৃত্যু নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। বীরভূম পুলিশের পক্ষ থেকে এদিন সাংবাদিক বৈঠক করেন। সেখানেই তিনি স্পষ্ট করে জানিয়ে দেন কেন রতন শেখের এনকাউন্টার হয়েছিল। বীরভূমের পুলিশ সুপার বিজিত রাজ ভুন্দেশ জানিয়েছেন, পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর জন্যই রাতের অন্ধকারে ইটভাটায় নিয়ে গিয়েছিল। সেখান থেকেই চম্পট দেওয়ার পরিকল্পনা ছিল।

জেল থেকে ছাড়া পেয়েই পুলিশকে গুলি

পুলিশ সূত্রের খবর, গত ১৩ নভেম্বর বোলপুর জেল থেকে ছাড়া পেয়েছিল রতন শেখ। সেই দিনই সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। তাতে আহত পুলিশ কনস্টেবল বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু এই ঘটনার পরই রীতিমত বেপাত্তা হয়ে যায় রতন। যদিও তারই সন্ধানে গোটা জেলায় শুরু হয়ে যায় নাকাবন্দী। জেলা ছেয়ে যায় পুলিশ কর্মীতে। রতনকে পাকড়াও করতে তৎপর পুলিশ। বর্ধমান থেকে গ্রেফতার করা হয় রতনকে।

রতনকে টানা জেরা

গ্রেফতারের পরই রতন শেখকে টানা জেরা করে পুলিশ। ১৩ নভেম্বর পুলিশ কনস্টেবলকে লক্ষ্য করে গুলি চালানোর পরে কোথায় গা ঢাকা দিয়েছিল রতন? কোথায় লোকানো রয়েছে আগ্নেয়াস্ত্র? আর কোন কোন অপরাধের পরিকল্পনা রয়েছে? টানা জেরার পরই রতনও পাল্টা পুলিশকে বিভ্রান্ত করে নিজেকে পুলিশের জাল মুক্ত করতে উঠেপড়ে লাগে। পুলিশকে নিয়ে যায় উচারণের একটি ইটভাটায়। বলে অপরাধের অস্ত্র, অর্থাৎ কনস্টেবলকে যে অস্ত্র দিয়ে গুলি করেছিল সেটি ইটভাটায় লুকিয়ে রেখেছে। তারপরই রাতের অন্ধকারে পুলিশকে নিয়ে যায় ইটভাটায়। সেখানে গিয়েও বারবার পুলিশকে বিভ্রান্ত করতে থাকে বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন পুলিশ সুপার। রতনের কথা মতেই অস্ত্রের সন্ধান শুরু করে পুলিশ। সেই সময়ই রতন ঝোপের মধ্যে থেকে অস্ত্র বার করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। সেটি লাগে পুলিশের গাড়িতে। তারপরই রতনকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। রতনের পাঁজরে গুলি লাগে বলে পুলিশ সূত্রের খবর।

পালানোর পরিকল্পনা রতন শেখের

পুলিশের দাবি পালানোর পরিকল্পনা করেছিল রতন শেখ। আর সেই কারণেই পুলিশকে বিভ্রান্ত করতে রাতের অন্ধকারেই নিয়ে যায় ইটভাটায়। অস্ত্রের সন্ধানে যখন পুলিশ কর্মীরা ব্যস্ত তখনই রতন পুলিশের চোখে ধুলো দিয়ে পাল্টা গুলি চালিয়ে সেখান থেকে পালাতে চেয়েছিল। কিন্তু রতনের ছক বানচাল করে দেয় পুলিশের এনকাউন্টার। তাতেই ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে বীরভূমের কুখ্যাত দুষ্কৃতী। রতনের দ্বিতীয় কোনও পরিকল্পনা ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

গ্রেফতার রতনের সাগরেদ

পুলুশ জানিয়েছেন রতনের সঙ্গী রমেশ লোহারও তাঁরই সঙ্গে ছিল। তাকেও গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে প্রায় ১ মাস ধরে বীরভূমের একটি জেলে বন্দি ছিল রতন শেখ। মুক্তির দিন তাকে জেল থেকে নিতে এসেছিল তারই দলের সাগরেদরা। তাদের সঙ্গেই ছিল রমেশ লোহার। মুক্তির পরেই তারা সেলিব্রেশন করে। পুলিশের দাবি তাদের কিছু অপরাধমূলক পরিকল্পনার কথা জানতে পারা গিয়েছিল। আর সেই কারণেই তাদের রতনকে ধরতে সাদা পোশাকেই তিন জন পুলিশ। সেই সময়ই কনস্টেবলকে গুলি করে চম্পট দেয় রতন। তাই রতনদের পরিকল্পনার কথা জানতে তার সঙ্গীসাথীদেরও জেরা করা হতে পারে বলে পুলিশ সূত্রের খবর।