নিত্যযাত্রীদের জন্য সুখবর। বারাসত এসি লোকাল পরিষেবার সময়সীমা ও যাত্রাপথ বাড়ানো হচ্ছে। চলতি বছরের জুলাই মাসে শিয়ালদহ-বারাসত রুটে এই এসি লোকাল ট্রেনটি চালু করা হয়েছিল। এবার এই রুটের পরিসর আরও বাড়ানো হচ্ছে। ট্রেনটি এখন বারাসতের পরিবর্তে বনগাঁ পর্যন্ত চলবে।
নিত্যযাত্রীদের জন্য সুখবর। বারাসত এসি লোকাল পরিষেবার সময়সীমা ও যাত্রাপথ বাড়ানো হচ্ছে। চলতি বছরের জুলাই মাসে শিয়ালদহ-বারাসত রুটে এই এসি লোকাল ট্রেনটি চালু করা হয়েছিল। এবার এই রুটের পরিসর আরও বাড়ানো হচ্ছে। ট্রেনটি এখন বারাসতের পরিবর্তে বনগাঁ পর্যন্ত চলবে। পূর্ব রেল সূত্রে জানা গেছে, আগামী ২০ আগস্ট থেকে শিয়ালদা-বারাসত এসি লোকাল পরিষেবা বনগাঁ পর্যন্ত সম্প্রসারিত করা হবে। যাত্রীদের আরও আরামদায়ক ও সুবিধাজনক ভ্রমণের অভিজ্ঞতা দিতেই রেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। এই এসি লোকাল ট্রেনটি সপ্তাহে ছয় দিন—সোমবার থেকে শনিবার—চলবে। রবিবার এই পরিষেবা বন্ধ থাকবে।
৩৩৪৪৯ আপ শিয়ালদা - বনগাঁ এসি লোকাল
এটি সকাল ১০:৩৩ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে এবং সকাল ১১:১৪ মিনিটে বারাসতে পৌঁছবে। এরপর সকাল ১১:১৫ মিনিটে বারাসত থেকে রওনা হয়ে দুপুর ১২:২৩ মিনিটে বনগাঁ জংশনে পৌঁছবে। রেল সূত্রে জানা গেছে, যাত্রাপথে ট্রেনটি বামনগাছি, দত্তপুকুর, বিরা, অশোকনগর রোড, হাবরা, মসলন্দপুর, গোবরডাঙা, ঠাকুরনগর ও চাঁদপাড়া-সহ নির্দিষ্ট স্টেশনগুলিতে থামবে।
৩৩৪৪২ ডাউন বনগাঁ - শিয়ালদা এসি লোকাল
ট্রেনটি দুপুর ১২:৩৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়বে। এটি দুপুর ১:৪০ মিনিটে বারাসত, ১:৪৬ মিনিটে মধ্যমগ্রাম, ১:৫৪ মিনিটে বিরাটি, ২:০০ মিনিটে দমদম ক্যান্টনমেন্ট, ২:০৫ মিনিটে দমদম জংশন ও ২:১০ মিনিটে বিধাননগর রোড হয়ে অবশেষে দুপুর ২:২৫ মিনিটে শিয়ালদা পৌঁছবে।
১১:৩০-এর পরিবর্তে ১১:৪০-এ ছাড়বে ট্রেন
এসি লোকাল পরিষেবা চালুর কারণে আপ বারাসত-বনগাঁ লোকাল ট্রেন (নম্বর ৩৩৩৬৫)-এর সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। আগামী ২০ আগস্ট থেকে ট্রেনটি বারাসত থেকে সকাল ১১:৩০-এর পরিবর্তে ১১:৪০-এ ছাড়বে। শিয়ালদা ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন যে, যাত্রীদের সুবিধা ও স্বাচ্ছন্দ্য রেলের কাছে অত্যন্ত অগ্রাধিকারের বিষয়।
শিয়ালদা-বনগাঁ এসি লোকাল ট্রেন: কোচ বিন্যাস ও গতি
শিয়ালদহ-বনগাঁ এসি লোকাল ট্রেনটিতে ১২টি কোচ থাকবে। প্রতিটি কোচের কাঠামো স্টেইনলেস স্টিলের তৈরি এবং এর পাশের দেওয়ালগুলো সোজা। কোচগুলো একে অপরের সঙ্গে সিল করা ও প্রশস্ত 'ভেস্টিবিউল গ্যাংওয়ে' (দুটি কোচের সংযোগকারী পথ)-এর মাধ্যমে যুক্ত, যার ফলে যাত্রীরা সহজেই এক কোচ থেকে অন্য কোচে যাতায়াত করতে পারবেন। শিয়ালদহ-বনগাঁ এসি ইএমইউ (EMU) ট্রেনটিতে ১,১২৬ জন যাত্রীর বসার ব্যবস্থা থাকবে এবং এর সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১১০ কিলোমিটার। প্রতিটি কোচে সিসিটিভি (CCTV) নজরদারির ব্যবস্থা থাকবে। এছাড়া প্রতিটি কোচে থাকবে টেকসই রাবারের মেঝে, অ্যালুমিনিয়ামের মডুলার লাগেজ র্যাক এবং যাত্রীদের তথ্যের জন্য জিপিএস-ভিত্তিক এলইডি (LED) ডিসপ্লে। প্রতিটি কোচে একটি ঘোষণা বা অ্যানাউন্সমেন্ট ব্যবস্থাও থাকবে। ট্রেনটি স্টেশনে পৌঁছনোর পরই কেবল দরজা খুলবে এবং ছেড়ে যাওয়ার আগে তা বন্ধ হয়ে যাবে। নিরাপত্তার স্বার্থে ট্রেন চলার সময় দরজাগুলো বন্ধ থাকবে। ট্রেনের চালক ও গার্ড দরজা খোলা ও বন্ধ করার বিষয়টি নিয়ন্ত্রণ করবেন।


