Birbhum News: বীরভূমে বিজেপি নেতার বাড়ির দরজার সামনে সাদা থান! রজনীগন্ধা ফুলের মালা। ধূপ-মিষ্টির প্যাকেট। ভোটের আগে প্রছন্ন খুনের আশঙ্কায় আতঙ্কিত বিজেপির মণ্ডল সভাপতি। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Birbhum News: ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এবার খোদ বিজেপি নেতার বাড়ির সামনে ঝুলল রজনীগন্ধা ফুলের মালা, ধূপকাঠি, সাদা থান। ঘটনায় খুনের আশঙ্কায় আতঙ্কিত বিজেপির মণ্ডল সভাপতি। যদিও বিষয়টি ভোটের আগে মিথ্যার আশ্রয় বলে পাল্টা কটাক্ষ তৃণমূলের। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর বিধানসভার বাসাপাড়া অঞ্চলের কুরগ্রামে। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে । অভিযোগ, বিজেপির কুরগ্রাম মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের বাড়ির সামনে বুধবার সকালে অজ্ঞাতপরিচয় কেউ সাদা থান রেখে যায়। এছাড়াও একটি ব্যাগে ভরে সঙ্গে রজনীগন্ধার ,মালা, মিষ্টির প্যাকেট ধূপকাঠি রেখে দিয়ে গেছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। 

তুঙ্গে শাসক-বিরোধী তরজা বীরভূমে:- 

বিজেপি নেতাদের দাবি, আসন্ন বঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এলাকায় বিজেপির প্রভাব খর্ব করতে এবং কর্মীদের ভয় দেখাতেই তৃণমূলের কর্মীরা পরিকল্পিতভাবে এই কাজ করেছে। তাদের বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আতঙ্কের পরিবেশ তৈরি করাই এর মূল লক্ষ্য। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নানুর এলাকায় নিজেদের রাজনৈতিক গুরুত্ব বাড়াতে এবং সংবাদ শিরোনামে আসতেই বিজেপি এই ধরনের ঘটনা নিজেরাই ঘটিয়ে থাকতে পারে। তৃণমূলের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনওরকম সংশ্লিষ্টতা নেই। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে প্রকৃত ঘটনা কী, তা খতিয়ে দেখছে প্রশাসন।

এদিকে, ভাতাময় রাজ্যে জলের অভাব! বীরভূমে পানীয় জলের দাবি বিক্ষোভে বিজেপি। পানীয় জলের অভাব সহ এলাকার অনুন্নয়নের প্রতিবাদে এসডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির। ঘটনারটি বীরভূমের রামপুরহাটে। বুধবার রামপুরহাট মহকুমা শাসকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ করেন বিজেপির কর্মী ও সমর্থকেরা। বিক্ষোভকারীদের অভিযোগ, বীরভূমের রামপুরহাট বিধানসভার আয়াস গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে পানীয় জলের অভাব রয়েছে।

বিরোধীদের দখলে থাকা এলাকাগুলিকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে। তাদের দাবি, অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা ও রাস্তাঘাট সারাই করতে হবে। সেই দাবিতে বুধবার এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে রামপুরহাট মহকুমা শাসকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ করে বিজেপির কর্মী ও সমর্থকেরা। এদিনের বিক্ষোভে সামিল হন বিজেপির বীরভূম জেলার প্রাক্তন সভাপতি ধ্রুব সাহা, মহিলা মোর্চার জেলা কনভেনর রশ্মি দে সহ বিজেপির শতাধিক কর্মী ও সমর্থক। সব মিলিয়ে পানীয় জলের দাবিতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।