WB Weather Update: রবিবার থেকে বুধবারের মধ্যে বঙ্গে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। ২৯ নভেম্বর আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যা ঘূর্ণিঝড় 'কানি'-তে পরিণত হতে পারে।

WB Weather Update: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার রাত থেকে বুধবারের মধ্যে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি সোমবার থেকে বুধবারের মধ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ২ থেকে ৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা। ২৯ নভেম্বর আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। পরবর্তী ৪৭ ঘণ্টার মধ্যে শক্তি বাড়িয়ে সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই সিস্টেম ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘কানি’। শ্রীলঙ্কা উপকূলের কাছে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় আরও একটি ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। প্রাথমিকভাবে পূর্ব উপকূল ধরে এগোতে পারে এই ঘূর্ণিঝড়। পরবর্তী সময়ে দক্ষিণ ভারতের উপর দিয়ে আড়াআড়িভাবে পশ্চিম উপকূলের দিকে এগিয়ে আরব সাগরে প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস।আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়ার পূর্বাভাস। ফলে আপাতত শীতের দাপট কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে। দিন ও রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও রাজ্যে শীতের মৃদু আমেজ আপাতত বহাল রয়েছে।

আগামী সাত দিন উত্তরবঙ্গের তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। সব মিলিয়ে, দক্ষিণবঙ্গে শীতের আমেজে সাময়িক ভাটা পড়ার সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে আপাতত বজায় থাকবে শীতল আবহাওয়া। বিভিন্ন জেলায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পার্বত্য এলাকায় কুয়াশার দাপট বেশি থাকতে পারে। আর সেই সঙ্গে নজর থাকবে আন্দামান সাগরে তৈরি হতে চলা সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘কানি’র গতিপথের দিকে। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে শীতের অনুভূতি কিছুটা কমতে পারে।