Weather Update: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর ঘনীভূত নিম্নচাপটি নিজস্ব গতিপথে ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হচ্ছে। আলিপুর আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, এর ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আরও কয়েক দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর ঘনীভূত নিম্নচাপটি নিজস্ব গতিপথে ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হচ্ছে। আলিপুর আবহাওয়া অফিসের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, এই আবহাওয়ার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আরও কয়েক দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। উপকূলীয় এলাকা থেকে নিম্নচাপটি ঘণ্টায় প্রায় ১২ কিলোমিটার গতিতে স্থলভাগের ভেতরের দিকে ঢুকছে। আবহাওয়াবিদদের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবারের অবস্থান ছিল, কলকাতা থেকে শহর থেকে মাত্র ৬০ কিলোমিটার পশ্চিমে।
পশ্চিমে সরছে নিম্নচাপ
শুক্রবার এই সিস্টেমটি আরও কিছুটা পথ অতিক্রম করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম সীমানার দিকে সরে যাবে। একই সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, যা পাঞ্জাব ও উত্তরপ্রদেশ হয়ে বিহার অতিক্রম করে সোজা পশ্চিমবঙ্গের উপকূল পর্যন্ত বিস্তৃত। এই জোড়া ফলাতেই মূলত বাড়ছে বৃষ্টির মাত্রা।
নিম্নচাপ এখন কোথায়
কলকাতা: ৬০ কিলোমিটার পশ্চিমে
মেদিনীপুর:৫০ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্বে।
বাঁকুড়া:১১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
পুরুলিয়া ও ঝাড়খণ্ড:পুরুলিয়া থেকে ১৬০ কিলোমিটার এবং জামশেদপুর থেকে ১৭০ কিলোমিটার দূরত্বে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: কোথায় কেমন বর্ষণ
আগামী রবিবারের আগে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার বিশেষ সম্ভাবনা নেই।
উপকূল ও পশ্চিমের জেলা: শুক্রবার ও শনিবারের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ঝোড়ো হাওয়ার (ঘণ্টায় ৩০-৪০ কিমি) সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
কলকাতা ও সংলগ্ন এলাকা: তিলোত্তমায় শুক্রবার থেকে রোববার পর্যন্ত মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ-সহ দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে রবিবারের পর থেকে দক্ষিণের আবহাওয়ায় উন্নতি হতে পারে এবং সতর্কতা তুলে নেওয়া হতে পারে।
উত্তরবঙ্গে বাড়বে দুর্যোগের মেঘ
দক্ষিণবঙ্গে বৃষ্টির তেজ রবিবার থেকে কিছুটা কমলেও উত্তরবঙ্গে কিন্তু দুর্যোগ এখনই থামছে না।
অতিভারী বৃষ্টির পূর্বাভাস: জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় রবি ও সোমবার অতিভারী বর্ষণের জন্য লাল/কমলা সতর্কবার্তা কার্যকর থাকবে।
পাহাড়ি অঞ্চল: দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অন্যান্য জেলা: মালদহ এবং দুই দিনাজপুরে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
কলকাতার আবহাওয়ার খবর
শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি)। এর আগের দিন, অর্থাৎ বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩.১ ডিগ্রি কমে দাঁড়িয়েছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াসে। টানা বৃষ্টির কারণেই তাপমাত্রা কিছুটা নেমে এসেছে বলে ধারণা আবহাওয়াবিদদের।


