2026 West Bengal Legislative Assembly Election: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণের এক মাসও বাকি নেই। রাজ্যজুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। এ রাজ্যে প্রশাসনের বিরুদ্ধে শাসক দলের অঙ্গুলি হেলনে কাজ করা, পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ নতুন নয়। ভোটের মুখে ফের সেই অভিযোগ জোরদার হল।
KNOW
West Bengal Elections 2026: পশ্চিমবঙ্গে যে কোনও ভোটেই রক্ত ঝরে। কখনও ভোটার, কখনও বিরোধী দলের নেতা-কর্মীদের আক্রান্ত হতে হয়। কিন্তু এবার ভোট শুরু হওয়ার আগেই রক্তাক্ত হতে হল এক ভোটকর্মীকে। ভোটের প্রশিক্ষণ চলাকালীন তাঁকে আক্রমণ করা হল। এই ঘটনা ঘটেছে নদিয়া জেলার রাণাঘাটের দেবনাথ ইনস্টিটিউশন ফর বয়েজে। 'ভোটের প্রশিক্ষণে জায়ান্ট স্কিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি কেন?' প্রশ্ন তুলেছিলেন রাণাঘাটের এক প্রাথমিক শিক্ষক। তারপরই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত শিক্ষকের নাম সৈকত চট্টোপাধ্যায়। হাঁসখালি ব্লক আধিকারিকের নেতৃত্বে তাঁর উপ হামলা চালানো হয় বলে অভিযোগ। আহত ভোটকর্মীর দাবি, হামলার পর তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এমনকী, স্কুলের বাইরে বেরোলেও তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন
রাণাঘাট এক নম্বর ব্লকে রাণাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর বয়েজে ভোটগ্রহণের প্রশিক্ষণ চলাকালীন এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। প্রশিক্ষণ চলার সময় প্রজেক্টরের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিজ্ঞাপন দেখানো হচ্ছিল বলে অভিযোগ। এই বিষয়টির প্রতিবাদ করেন ভোটকর্মী সৈকত। অভিযোগ, তাঁর এই প্রতিবাদের জেরেই হঠাৎ উত্তেজনা ছড়ায় এবং তাঁকে শারীরিকভাবে আক্রমণ করা হয়। এই হামলার জেরে তিনি গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে যান। তাঁর ডান চোখের উপর আঘাত লেগে রক্ত পড়তে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে রাণাঘাটে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটের আগে এমন ঘটনা ঘিরে নিরাপত্তা ও নিরপেক্ষতা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ঘটনার তদন্ত ও প্রশাসনের পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দা ও ভোটকর্মীরা।
হিংসাহীন নির্বাচন সম্ভব?
এবার রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে দুই দফায়। নির্বাচন কমিশন (Election Commission of India) কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে। কিন্তু তা সত্ত্বেও নির্বাচনে হিংসা ও রক্তপাত এড়ানো সম্ভব হবে কি না, সে বিষয়ে প্রশ্ন রয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


