- Home
- West Bengal
- DA West Bengal: বকেয়া ডিএ নিয়ে ফের জট, ৮ লক্ষ গ্রান্ট ইন এড কর্মচারীর টাকা আটকে গেল?
DA West Bengal: বকেয়া ডিএ নিয়ে ফের জট, ৮ লক্ষ গ্রান্ট ইন এড কর্মচারীর টাকা আটকে গেল?
সরকারি কর্মীদের বকেয়া DA মেটানোর প্রক্রিয়া শুরু হলেও Grant-in-Aid কর্মীদের বকেয়া নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। কারা পাবেন বকেয়া ডিএ, জানুন বিস্তারিত।

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। সরাসরি রাজ্য সরকারি কর্মচারীদের প্রায় ১১ বছরের বকেয়া ডিএ মেটানোর কথা জানানো হলেও পুরসভা, পঞ্চায়েত, বোর্ড-কর্পোরেশন, শিক্ষক-শিক্ষাকর্মী এবং অন্যান্য অনুদানপ্রাপ্ত বা Grant-in-Aid কর্মীদের বকেয়া ডিএ নিয়ে এখনও স্পষ্ট নির্দেশিকা সামনে আসেনি। ফলে সংশ্লিষ্ট কর্মীদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। রাজ্য সরকারের তরফে ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ মেটানোর কথা আগে জানানো হয়েছিল। পাশাপাশি ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ-ও হিসাব করে একসঙ্গে মেটানোর কথা বলা হয়েছে। তবে সাম্প্রতিক নির্দেশনায় সরাসরি সরকারি কর্মচারী এবং সংশ্লিষ্ট পেনশনভোগীদের কথাই স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। Grant-in-Aid কর্মী ও তাঁদের অবসরপ্রাপ্তদের বিষয়ে একই রকম স্পষ্টতা নেই।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট মহলের অনুমান, প্রায় আট লক্ষ Grant-in-Aid কর্মী আপাতত বকেয়া ডিএ পাওয়ার তালিকার বাইরে থাকতে পারেন। প্রশাসনের একাংশের বক্তব্য, সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছিল, তার মূল বিষয় ছিল সরাসরি সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ। তাই আদালতের রায়ের সুবিধা Grant-in-Aid কর্মীদের ক্ষেত্রে কার্যকর করতে হলে বিষয়টি আরও স্পষ্ট করার প্রয়োজন হতে পারে।
তবে কর্মচারী সংগঠনগুলির দাবি, ডিএ মামলা চলাকালীন রাজ্য সরকারই সুপ্রিম কোর্টে সরাসরি সরকারি কর্মচারী, Grant-in-Aid কর্মী এবং পেনশনভোগীদের বকেয়ার হিসাব দিয়েছিল। সেই কারণে এখন শুধু সরাসরি সরকারি কর্মীদের বকেয়া মেটানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে।
কর্মচারী সংগঠনগুলির দাবি অনুযায়ী, আদালতে রাজ্য যে হিসাব দিয়েছিল, তাতে ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ মেটাতে সরাসরি সরকারি কর্মীদের জন্য প্রায় ১১,৭৯০ কোটি টাকা, Grant-in-Aid কর্মীদের জন্য প্রায় ১৮,৩৬৯ কোটি টাকা এবং পেনশনভোগীদের জন্য প্রায় ১১,৬১১ কোটি টাকা প্রয়োজন বলে জানানো হয়েছিল। নবান্নের নির্দেশ অনুযায়ী, Group-A, B এবং C কর্মীদের বকেয়া অর্থ তাঁদের General Provident Fund বা GPF-এ জমা করার ব্যবস্থা করা হবে। Group-D কর্মীদের ক্ষেত্রে বকেয়া অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা বলা হয়েছে।
GPF-এ জমা হওয়া বকেয়া অর্থ ২০২৮ সালের ৩১ মার্চের আগে তোলা যাবে না। তবে অবসর, মৃত্যু বা পদত্যাগের মতো বিশেষ পরিস্থিতিতে নিয়মের ব্যতিক্রম থাকবে। অবসরের তিন মাসের মধ্যে যাঁদের চূড়ান্ত GPF নিষ্পত্তি হওয়ার কথা, তাঁদের বকেয়া অর্থ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থাও রয়েছে।
সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য, সুপ্রিম কোর্টের রায়ে ‘Employee of the State’ বলা হয়েছে। সেই যুক্তিতে Grant-in-Aid কর্মীরাও বকেয়া ডিএ পাওয়ার অধিকারী। তাদের দাবি, শুধুমাত্র রায়ে Grant-in-Aid কর্মীদের আলাদা করে উল্লেখ নেই বলে তাঁদের বকেয়া থেকে বাদ দেওয়া যায় না। ফলে সরাসরি সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু হলেও শিক্ষক, শিক্ষাকর্মী, পুরসভা-পঞ্চায়েত, বোর্ড-কর্পোরেশন এবং অন্যান্য অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া ডিএ নিয়ে পরিস্থিতি এখনও পুরোপুরি পরিষ্কার নয়। বিষয়টি নিয়ে ভবিষ্যতে ফের আইনি জটিলতা তৈরি হয় কি না, এখন সেটাই দেখার।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.