- Home
- West Bengal
- Salary Hike: এই কর্মচারীদের ১০ হাজার টাকা মাইনে বাড়াল রাজ্য সরকার, কারা পাবেন সুবিধা?
Salary Hike: এই কর্মচারীদের ১০ হাজার টাকা মাইনে বাড়াল রাজ্য সরকার, কারা পাবেন সুবিধা?
বিভিন্ন শ্রেণির চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক পারিশ্রমিক বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, কর্মীদের মাসিক পারিশ্রমিক সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি, আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বৃদ্ধির কথাও উল্লেখ রয়েছে।

বর্তমানে কর্মীদের মাসিক পারিশ্রমিকের পরিমাণের ভিত্তিতে এই বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে। কোন কর্মীর পারিশ্রমিক কতটা বাড়বে, তা একনজরে দেখে নেওয়া যাক।
কার কত টাকা পারিশ্রমিক বাড়বে?
বর্তমান মাসিক পারিশ্রমিক অনুযায়ী তিনটি স্তরে এই বৃদ্ধি কার্যকর করার প্রস্তাব রয়েছে।
- ২৫,০০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক: মাসে অতিরিক্ত ৫,০০০ টাকা।
- ২৫,০০১ থেকে ৪৫,০০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক: মাসে অতিরিক্ত ৭,০০০ টাকা।
- ৪৫,০০০ টাকার বেশি পারিশ্রমিক: মাসে অতিরিক্ত ১০,০০০ টাকা।

উদাহরণ হিসেবে বলা যায়, কোনও কর্মীর বর্তমান মাসিক পারিশ্রমিক ২০,০০০ টাকা হলে তা বেড়ে ২৫,০০০ টাকা হতে পারে। একইভাবে, ৩০,০০০ টাকা পারিশ্রমিক পাওয়া কর্মীর ক্ষেত্রে তা বেড়ে ৩৭,০০০ টাকা এবং ৫০,০০০ টাকা পারিশ্রমিক পাওয়া কর্মীর ক্ষেত্রে বেড়ে ৬০,০০০ টাকা হতে পারে।
কারা পারিশ্রমিক বৃদ্ধির সুবিধা পাবেন না?
তবে এই পারিশ্রমিক বৃদ্ধির আওতায় সমস্ত চুক্তিভিত্তিক কর্মীকে রাখা হয়নি। মোট ছয় শ্রেণির কর্মীকে এই সুবিধার বাইরে রাখা হয়েছে। তাঁরা হলেন—
- ১. অর্থ দপ্তরের ১৬ সেপ্টেম্বর, ২০১১-এর নির্দেশিকা এবং পরবর্তী আদেশ অনুযায়ী পৃথক পারিশ্রমিক কাঠামোর আওতায় থাকা কর্মীরা।
- ২. পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ ও কল্যাণ দপ্তরের ১৬ অক্টোবর, ২০২০-এর নির্দেশিকাভুক্ত আইটি কর্মীরা।
- ৩. CHCMI কর্মীরা।
- ৪. চুক্তিভিত্তিক সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (SAE), জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা।
- ৫. ব্লক স্তরের অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট (BLAAA) পদে কর্মরতরা।
- ৬. গত দুই বছরের মধ্যে যেসব চুক্তিভিত্তিক কর্মী ইতিমধ্যেই একবার পারিশ্রমিক বৃদ্ধির সুবিধা পেয়েছেন।
কবে থেকে কার্যকর হবে নতুন পারিশ্রমিক?
নথিতে উল্লেখ অনুযায়ী, পারিশ্রমিক বৃদ্ধির সুবিধা ১ নভেম্বর থেকে কার্যকর করার প্রস্তাব রয়েছে। এই সংক্রান্ত বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর অনুমোদনও ১৩ নভেম্বর পাওয়া গিয়েছে বলে নথিতে উল্লেখ করা হয়েছে।
পাশাপাশি, ভবিষ্যতে পারিশ্রমিক বৃদ্ধি করতে হলে অর্থ দপ্তরের পূর্ব পর্যালোচনা ও অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ, সংশ্লিষ্ট দপ্তর নিজের উদ্যোগে পরবর্তী সময়ে পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারবে না।
তবে এই প্রস্তাবের চূড়ান্ত বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি নির্দেশিকা, কর্মীদের যোগ্যতা এবং অর্থ দপ্তরের সম্মতির বিষয়গুলি যাচাই করা জরুরি। ফলে কারা শেষ পর্যন্ত এই সুবিধা পাবেন, তা সরকারি নির্দেশিকার চূড়ান্ত শর্তের উপর নির্ভর করবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.