পশ্চিমবঙ্গে ফের মিলল বোমা। এবার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের কাছে একটি পড়ে থাকা বালতিতে মিলল তাজা বোমা।

পশ্চিমবঙ্গে ফের মিলল বোমা। এবার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের কাছে একটি পড়ে থাকা বালতিতে মিলল তাজা বোমা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সোমবার, এই নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়াল রোগী থেকে চিকিৎসকদের মধ্যে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গেল পুলিশ। মুর্শিদাবাদের বড়ঞা থানার এলাকার ঘটনা এটি।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, যে এলাকা থেকে বোমাগুলি উদ্ধার করা হয়েছে, তার ঠিক কাছেই রয়েছে বড়ঞা হাই স্কুল। রোজ ঐ স্বাস্থ্যকেন্দ্রের সামনের রাস্তা দিয়ে বহু ছাত্রছাত্রী স্কুলে যাতায়াত করে। স্কুল এবং স্বাস্থ্যকেন্দ্রের মাঝে কে বা কারা ঐ বোমা রেখে গেল, তার উত্তর পাওয়া যায়নি।

এদিকে এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে হাসপাতাল চত্বরে থাকা একটি গাছের তলায় বালতির মধ্যে থাকা মোট নয়টি তাজা বোমা উদ্ধার করে।

সুন্দরপুরের পাশাপাশি বড়ঞা থানার অন্তর্গত কল্যাণপুর-শান্তিপাড়ার কাছে অবস্থিত ঈদগাহ থেকেও উদ্ধার হয়েছে বোমা। মাঠের মধ্যে একটি পরিত্যক্ত কন্টেনার থেকে চারটি তাজা বোমা উদ্ধার করেছে বড়ঞা থানার পুলিশ।

বড়ঞা থানার এক আধিকারিক এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, “দুটি জায়গা থেকেও আমরা বোমা উদ্ধার করেছি। ইতিমধ্যেই ঘিরে রাখা হয়েছে ওই এলাকাগুলি। কে বা কারা বোমাগুলি রেখে গেল, তা তদন্ত করে দেখা হবে। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজ়াল ইউনিটকে খবর দেওয়া হয়।”

এদিকে এই বোমা উদ্ধার নিয়ে বড়ঞার তৃণমূল নেতা মাহে আলম জানান, “সুন্দরপুরে যেখান থেকে বোমাগুলি উদ্ধার করা হয়েছে, তা মুর্শিদাবাদ এবং বীরভূম সীমান্ত লাগোয়া একটি গ্রাম। আমাদের ধারণা কোনও দুষ্কৃতী দল ঐ এলাকায় অশান্তি ছড়ানোর জন্যই এই বোমাগুলি রেখে গেছে। আমরা পুলিশকে অনুরোধ করছি, নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করুন আপনারা। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।