- Home
- West Bengal
- Weather News: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টিতে ভাসতে পারে একাধিক জেলা, ৩ জেলায় লাল সতর্কতা
Weather News: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টিতে ভাসতে পারে একাধিক জেলা, ৩ জেলায় লাল সতর্কতা
পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই ‘ওয়েল মার্কড লো প্রেসার’-এ পরিণত হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে এই সিস্টেমটি নিম্নচাপে পরিণত হতে পারে।

পশ্চিমবঙ্গের আবহাওয়ায় ফের বড় বদল। বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অংশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই ‘ওয়েল মার্কড লো প্রেসার’-এ পরিণত হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে এই সিস্টেমটি নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির দাপট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

রাত থেকে টানা ভারী বৃষ্টিতে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, ময়না, ভগবানপুর ও পটাশপুরের একাধিক এলাকা জলমগ্ন। বহু বাড়িতে জল ঢুকে পড়েছে। জলমগ্ন হয়েছে রাস্তাঘাটসোমবার, ১৭ অগস্ট দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা-সহ বেশ কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়াও বইতে পারে।
সোমবার বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে প্রবল দুর্যোগের লাল সতর্কতা জারি করা হয়েছে। এই তিন জেলায় অতি প্রবল বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ২০ সেন্টিমিটারের বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া হাওড়া, হুগলি, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবারের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে পারে। ভারী বৃষ্টির জেরে কলকাতা-সহ বিভিন্ন শহর ও জেলার নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কা রয়েছে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মাঝে মাঝে সেই হাওয়ার গতিবেগ ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ থেকে ২১ অগস্ট পর্যন্ত হিমালয়-সংলগ্ন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে পাহাড়ি এলাকায় ধস নামার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কাও রয়েছে।
সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি কম। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গে বৃষ্টিপ্রধান পরিস্থিতি বজায় থাকতে পারে। তাই ভারী বৃষ্টি, জল জমা এবং ঝোড়ো হাওয়ার সময়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.