যৌন নির্যাতনের শিকার হলে নিজেরে নিরাপত্তাকে সবার আগে গুরুত্ব দিতে হবে। তাই সামান্য সুযোগ পেলে নিজেকে নিরাপদ স্থানে সরিয়ে নিন। যদি নিজের বাড়িতে যৌন নির্যাতনের শিকার হন, তাহলে চেষ্টা করুন এমন একটি স্থানে আশ্রয় নেওয়ায় যেখানে নির্যাতনকারী চট করে পৌঁছতে পারবে না। অথবা, নিজেকে এমন একটা ঘরে লক করে দিন, যেখানে ফোন এবং ইন্টারনেট সংযোগ রয়েছে। যাতে পরে আপনি ফোনে সাহায্য চাইতে পারেন। অথবা ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে আইন-শৃঙ্খলারক্ষাকারী ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি রাস্তায় এই ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে লোকালয়ে ভিড়ে চলে যাওয়ার চেষ্টা করুন এবং সাহায্যের জন্য আর্তনাদ করুন। রাস্তা-ঘাটে মানুষ .কম থাকলে পার্শ্ববর্তী কোনও বাড়িতে ঢুকে গিয়ে আশ্রয় চান। যদি কোনও বন্ধুর বাড়ি কাছে থাকে, যে আপনাকে নিরাপত্তা দিতে পারবে বলে মনে করেন তার কাছে চলে যান। অথবা সামনে কোনও হাসপাতাল বা পুলিশ স্টেশন থাকলে সটানে সেখানে চলে যান। লজ্জা বা আতঙ্কে কোনওভাবেই নিজেকে হতাশ করে ফেলবেন না। জানবেন আপনি এক অপরাধের শিকার। আর সেই অপরাধ যে কোনও মানুষের সঙ্গে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে।