
Earthquake News: মঙ্গলবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি (Chamoli)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৯। রাত প্রায় ১০টা ২০ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। ভূগর্ভের ১৩ কিলোমিটার গভীরে সৃষ্ট হয় ভূমিকম্প। উত্তরাখণ্ডের বিভিন্ন জেলার পাশাপাশি কম্পন টের পাওয়া যায় দিল্লি-এনসিআর (Delhi-NCR), হিমাচল প্রদেশ (Himachal Pradesh), পাঞ্জাব (Punjab) ও হরিয়ানায় (Haryana)। এর আগে মঙ্গলবারই অসমের (Assam) নগাঁওয় (Nagaon District) ৪.৫ মাত্রার ভূমিকম্প হয়। এবার দেশের অন্য প্রান্তে ভূমিকম্প অনুভূত হয়। মঙ্গলবার রাত ১০টা বেজে ৪০ মিনিটে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (National Center for Seismology) পক্ষ থেকে ভূমিকম্পের কথা জানানো হয়েছে।
উত্তরাখণ্ড-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে ভূমিকম্প অনুভূত হলেও, এখনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এরই মধ্যে ভূমিকম্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে হাসিঠাট্টা শুরু করে দিয়েছেন। নানা মিম দেখা যাচ্ছে। অনেকে অভিজ্ঞতাও অন্যদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। দক্ষিণ দিল্লির সফদরজং অঞ্চলের এক বাসিন্দা জানান, ভূমিকম্পের সময় তাঁর সোফা পর্যন্ত নড়ে উঠেছিল।
মঙ্গলবার রাতে ভূমিকম্প হওয়ার আগে এদিন ভোরে অসমের ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, অসমের ভূমিকম্পটি ভোর ৪টে বেজে ২৩ মিনিট ৪৭ সেকেন্ডে অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে।
দিল্লি-এনসিআর অঞ্চলের বাসিন্দারা জানিয়েছেন, নয়ডা (Noida), গুরুগ্রাম-সহ (Gurugram) বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়। উত্তর ভারতের বিভিন্ন শহরের বাসিন্দারাও ভূমিকম্প অনুভব করার কথা জানিয়েছেন। ভূমিকম্পের ফলে সামান্য সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বেশিক্ষণের জন্য কম্পন অনুভূত হয়নি। ফলে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে। উত্তরাখণ্ডের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের পরিস্থিতি কী, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বুধবার সকালের আগে কিছু জানা যাবে না।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।