Bhutan Earthquake: মে-জুন মাসে পাহাড়ে বেড়াতে যাওয়া বিপজ্জনক। কারণ, এই সময় ভূমিকম্প হওয়ার আশঙ্কা থাকে। একাধিকবার এই সময় নেপালে (Nepal) ভয়াবহ ভূমিকম্পে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। এবার সেই জুন মাসেই ভূমিকম্পে কেঁপে উঠল ভুটান। এই ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও ভূমিকম্পের প্রভাব পড়ল।
KNOW
Earthquake News: রবিবার রাতে ভুটানে (Bhutan) শক্তিশালী ভূমিকম্পের জেরে কেঁপে উঠল শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও ভূমিকম্পের প্রভাব পড়ল। রবিবার রাত ১১টা বেজে ছয় মিনিট নাগাদ ভূমিকম্প হয়। ভূ-পৃষ্টের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্প হয় বলে জানা গিয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (German Research Centre for Geosciences) পক্ষ থেকে জানানো হয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। ভুটানের পুনাখা (Punakha) অঞ্চল ছিল ভূমিকম্পের উৎসস্থল। ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি হয়েছে কি না এখনও জানা যায়নি। আফটার-শকের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বর্ষার শুরুতেই ভূমিকম্প হওয়ায় পাহাড়ের বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদেরও ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ক্ষয়ক্ষতি হলেও রাতের অন্ধকারে উদ্ধারকার্য চালানো সম্ভব নয়। সোমবার সকালে খবর পাওয়া যেতে পারে।

বাংলাদেশেও অনুভূত ভূমিকম্প
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভূমিকম্পের প্রভাব পড়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার বাসিন্দা সুদীপ সরকার জানিয়েছেন, 'বাড়িতে ছিলাম। হঠাৎ ভূমিকম্প টের পেলাম। আমাদের উত্তরবঙ্গে ভূমিকম্প নিয়মিত ঘটনা। বড় কিছু না হলে আমরা গুরুত্ব দিই না। তবে এই ভূমিকম্প ভালোই বুঝতে পেরেছি।' শিলিগুড়ির শিবমন্দির অঞ্চলের বাসিন্দা তনয়া গুপ্ত জানিয়েছেন, ‘আমি রাতের খাওয়া সেরে শুয়ে পড়েছিলাম। হঠাৎ বুঝতে পারলাম খাট কাঁপছে। মাথা ঘুরে গিয়েছিল। কিছুক্ষণ পর ধাতস্থ হলাম।’ বাংলাদেশের শেরপুর জেলার বাসিন্দা প্রণয় চন্দ্র জানিয়েছেন, 'ভূমিকম্প বুঝতে পেরেছি। তবে আমাদের গ্রামে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। আশেপাশেও কোনও ক্ষয়ক্ষতির খবর পাইনি। আশা করি সবাই নিরাপদে আছেন।'
বৃষ্টির মধ্যেই ভূমিকম্প
রবিবার ডুয়ার্স-সহ উত্তরবঙ্গের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। এরই মধ্যে ভূমিকম্প হল। ভুটানের পার্শ্ববর্তী জেলাগুলিতে কম্পনের মাত্রা বেশি ছিল। রাতে ভূমিকম্প হওয়ায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


