IndiGo: আর্থিক ক্ষতি সামাল দিতে ভাড়া বাড়ানো হচ্ছে, ঘোষণা ইন্ডিগো সিইও-র

Published : Oct 29, 2026, 08:16 PM IST
IndiGo to hike fares

সংক্ষিপ্ত

IndiGo Fare Hike: ফের ভাড়া বাড়াতে চলেছে ইন্ডিগো। এই উড়ান সংস্থা গত ত্রৈমাসিকে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এরই মধ্যে বিমানের জ্বালানির দামও বেড়ে গিয়েছে। ফলে ইন্ডিগোর আর্থিক ক্ষতির পরিমাণ বেড়ে গিয়েছে। এই কারণে ভাড়া বাড়ানো হতে চলেছে বলে জানিয়েছেন ইন্ডিগো সিইও উইলি ওয়ালশ (Willie Walsh)।

DID YOU KNOW ?
বিমানের ভাড়া বাড়বে?
বিমানের ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করেছেন ইন্ডিগো সিইও উইলি ওয়ালশ। অন্য বিমান সংস্থাগুলিও ভাড়া বাড়াতে পারে বলে জল্পনা চলছে।

IndiGo Ticket Price Hike: ফের ভাড়া বাড়াতে চলেছে ভারতের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো। এই সংস্থার সিইও উইলি ওয়ালশ (Willie Walsh) জানিয়েছেন, বিমানের জ্বালানির দাম বেড়ে যাওয়া এবং আর্থিক ক্ষতি সামাল দেওয়ার লক্ষ্যেই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাঁর দাবি, জ্বালানির খরচ যেভাবে বেড়েছে, তাতে ভাড়া বাড়ানো ছাড়া তাঁদের সামনে অন্য কোনও বিকল্প নেই। তবে যাত্রীদের উপর চাপ কমাতে ভাড়া বৃদ্ধির পরিমাণ যতটা সম্ভব সীমিত রাখার চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন ইন্ডিগো সিইও। তিনি বৃহস্পতিবার ভার্চুয়ালি সাংবাদিক বৈঠকে বলেছেন, 'জ্বালানির খরচ যে হারে বেড়েছে, তা সামাল দিতে ভাড়া বাড়ানোর কথা ভাবা ছাড়া আমাদের আর কোনও উপায় নেই। আমরা ভাড়া বৃদ্ধির পরিমাণ যতটা সম্ভব কম রাখতে চাই। ইন্ডিগো বাজারে যে স্বল্পমূল্যের ভাড়া দিতে পেরেছে, তা ভারতের বিমান পরিবহণ ক্ষেত্রে অতিরিক্ত বৃদ্ধিকে উৎসাহিত করেছে।'

বিপুল আর্থিক ক্ষতির মুখে ইন্ডিগো

ইন্ডিগোর কর্ণধার সংস্থা ইন্টারগ্লোব অ্যাভিয়েশনের (InterGlobe Aviation) চলতি অর্থবর্ষের জুলাই থেকে সেপ্টেম্বরের ত্রৈমাসিকে ১৮৭৯.১ কোটি টাকার লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে লোকসানের পরিমাণ ছিল ২৫৮২.১ কোটি টাকা। অর্থাৎ, লোকসানের অঙ্ক কমলেও সংস্থার আর্থিক পরিস্থিতি এখনও ভালো নয়। নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া তথ্য অনুযায়ী, গত মাসে শেষ হওয়া ত্রৈমাসিকে ইন্ডিগোর মোট আয় বেড়ে হয়েছে ২৪,৩১১.৯ কোটি টাকা। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১৯,৫৯৯.৫ কোটি টাকা। তবে আয় বাড়লেও খরচের ঊর্ধ্বগতির কারণে লাভের মুখ দেখতে পারেনি এই বিমান সংস্থা। গত ত্রৈমাসিকে মোট খরচ বেড়ে দাঁড়িয়েছে ২৬,১৮৮.৪ কোটি টাকায়। এর মধ্যে বিমানের জ্বালানির খরচ এক ধাক্কায় ৬৭.২ শতাংশ বেড়ে হয়েছে ৯,৯৬৬.৮ কোটি টাকা। পশ্চিম এশিয়ার সঙ্কট এবং ভূরাজনৈতিক অনিশ্চয়তার জেরে জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। পাশাপাশি, মার্কিন ডলারের তুলনায় টাকার দর কমে যাওয়াও বিমান সংস্থাগুলির খরচ বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে অতিরিক্ত ব্যয় সামাল দিতে ইন্ডিগো-সহ একাধিক বিমান সংস্থা টিকিটের সঙ্গে জ্বালানি সারচার্জও নিচ্ছে।

বড়সড় খরচ কমানোর পথে হাঁটবে না ইন্ডিগো

অগাস্টে ইন্ডিগোর সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন ওয়ালশ। তাঁর দাবি, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সংস্থার হাতে পর্যাপ্ত নগদ অর্থ আছে। ফলে প্রতিকূল পরিস্থিতিতেও অন্য অনেক প্রতিদ্বন্দ্বী সংস্থার তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে ইন্ডিগো। ওয়ালশ বলেন, ‘আমাদের হাতে পর্যাপ্ত নগদ অর্থ আছে। এর ফলে এমন অনেক বিকল্প আমাদের সামনে রয়েছে, যা প্রতিযোগী সংস্থাগুলির ক্ষেত্রে সহজলভ্য নাও হতে পারে। আমরা খরচ নিয়ন্ত্রণের সম্ভাব্য সব উপায় খতিয়ে দেখব। তবে ইন্ডিগো বড়সড় খরচ কমানোর পদক্ষেপ নেবে, এমনটা আশা করা উচিত নয়।’

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৮৭৯
গত ত্রৈমাসিকে ইন্ডিগোর ১৮৭৯ কোটি টাকা ক্ষতি হয়েছে।
চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের ত্রৈমাসিকে ইন্ডিগোর ১৮৭৯ কোটি টাকা ক্ষতি হয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

সনাতন ধর্মগ্রন্থে ইচ্ছাকৃত বিকৃতির বিস্ফোরক অভিযোগ রামদেবের, যোগগুরুর বড় পদক্ষেপ
Rahul Gandhi March: 'পুলিশের লাঠি নিয়ে ভয় নেই!' ১ নভেম্বর 'চলো দিল্লি' অভিযানের আগে রাহুলের খোলা চিঠি