
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)-এর মিসাইলস অ্যান্ড স্ট্র্যাটেজিক সিস্টেমস (DGMSS) বিভাগের নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন বিশিষ্ট বিজ্ঞানী ডঃ জগন্নাথ নায়েক। আগামী ১ জুলাই, ২০২৬ থেকে তিনি এই দায়িত্বভার গ্রহণ করবেন। বর্তমান ডিজি ইউ রাজা বাবুর অবসরের পর নায়েককে এই পদে নিয়োগ করা হল।
DRDO-র তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডঃ জগন্নাথ নায়েক একজন বিশিষ্ট বিজ্ঞানী এবং বর্তমানে সেন্টার ফর হাই এনার্জি সিস্টেমস অ্যান্ড সায়েন্সেস (CHESS)-এর ডিরেক্টর। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নে (R&D) তাঁর ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।
প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণার জন্য দেশীয় প্রযুক্তিতে উন্নত অ্যাভিয়োনিক্স ডিজাইন ও তার উন্নয়নে তাঁর বিশেষ খ্যাতি রয়েছে। CHESS-এর ডিরেক্টর থাকাকালীন তিনি ভারতের প্রথম ডিরেক্টেড এনার্জি ওয়েপন (DEW) সিস্টেম তৈরি, তার ফিল্ড টেস্টিং এবং প্রযুক্তি হস্তান্তরে (ToT) নেতৃত্ব দেন। ভবিষ্যৎ প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে এটি একটি বিশাল সাফল্য হিসাবে গণ্য করা হয়।
নায়েক বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc) থেকে ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে এমএস এবং পিএইচডি করেছেন। আকাশ মিসাইলের জন্য ফাইবার অপটিক গাইরো (FOG) গাইডেন্স এবং DEW-ভিত্তিক অ্যান্টি-ড্রোন সিস্টেমের প্রধান রূপকার তিনিই।
হায়দরাবাদের রিসার্চ সেন্টার ইমারত (RCI)-এ প্রোজেক্ট ডিরেক্টর হিসেবে তিনি দেশীয় প্রযুক্তিতে ফাইবার অপটিক গাইরোস্কোপ (FOG) তৈরিতে নেতৃত্ব দেন। এর ফলে ভারত এই গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে আত্মনির্ভর হয়ে ওঠে। বর্তমানে এই প্রযুক্তি মিসাইল, বিমান এবং প্রধান যুদ্ধ ট্যাঙ্কে ব্যবহার করা হয়। ডঃ নায়েকের কর্মজীবন ভারতের প্রতিরক্ষা গবেষণায় তাঁর অসাধারণ বৈজ্ঞানিক দক্ষতা, দূরদর্শী নেতৃত্ব এবং যুগান্তকারী অবদানের পরিচয় দেয়।
তিনি IEEE ফোটোনিক্স সোসাইটির হায়দরাবাদ শাখার প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ছিলেন। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি IISc বেঙ্গালুরু এবং IIT মাদ্রাজে ডিস্টিংগুইশড ভিজিটিং প্রফেসর হিসেবেও কাজ করেছেন।
বিভিন্ন নামী জার্নাল ও কনফারেন্সে তাঁর ১২৫টিরও বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এবং তিনি বেশ কয়েকটি বইও লিখেছেন। ডিরেক্টেড এনার্জি ওয়েপন, ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম, লেজার এবং ফাইবার অপটিক্সে তাঁর দক্ষতা সর্বজনবিদিত। তিনি দশজনেরও বেশি পিএইচডি ছাত্রকে গাইড করেছেন।
তিনি একাধিক সম্মানজনক পুরস্কার পেয়েছেন। এর মধ্যে রয়েছে অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার তরফে আর্যভট্ট পুরস্কার, অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া (AeSI)-র ন্যাশনাল অ্যারোনটিক্যাল প্রাইজ, আত্মনির্ভরতায় শ্রেষ্ঠত্বের জন্য DRDO অগ্নি পুরস্কার, নিনা সাক্সেনা এক্সেলেন্স ইন টেকনোলজি অ্যাওয়ার্ড এবং অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া স্বর্ণ জয়ন্তী পুরস্কার।
তিনি ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাকাডেমি অফ ইঞ্জিনিয়ারিং (INAE), অপটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া (OSI) এবং ইনস্টিটিউশন অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (IETE)-র ফেলো। এছাড়াও তিনি ASI-এর ডিস্টিংগুইশড ফেলো, রয়্যাল ইনস্টিটিউট অফ নেভিগেশন (ইউকে)-র অ্যাসোসিয়েট ফেলো, অপটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া (OSI) এবং সেন্সর রিসার্চ সোসাইটি (SRS) অফ ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট এবং INAE হায়দরাবাদ শাখার সচিব।