
পঞ্জাবে মাদক সমস্যা নিয়ে বুধবার আম আদমি পার্টি (আপ) সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, মাদক রুখতে রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ। আর পঞ্জাব সরকার আসলে দিল্লি থেকে চালানো হচ্ছে। সাংরুরে 'ইনসাফ র্যালি'-তে বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, মাদক নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েই আপ ক্ষমতায় এসেছিল। কিন্তু তারা কথা রাখেনি।
তিনি বলেন, “আপনারা ভগবন্ত মান আর আম আদমি পার্টির ওপর ভরসা করে তাদের ক্ষমতায় এনেছিলেন। ওরা কথা দিয়েছিল মাদক সমস্যা দূর করবে। আমি আপনাদের জিজ্ঞেস করছি, কোথায় দূর করল? পঞ্জাবের কোন কোণা থেকে ওরা মাদক সরাতে পেরেছে? এই সমস্যা মেটানোর কোনও যোগ্যতাই ওদের নেই।”
তিন বছরের মধ্যে মাদক সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই প্রসঙ্গ টেনে রাহুল বলেন, কেন্দ্রে বিজেপি সরকার আর এক বছরও টিকবে না। তাঁর কথায়, “অমিত শাহ কী সময়সীমা দিয়েছিলেন? তিন বছর? তিন বছর পর অমিত শাহ আর স্বরাষ্ট্রমন্ত্রীই থাকবেন না। আমার তো মনে হয় এই সরকার এক বছরও টিকবে না। যাই হোক, অমিত শাহ দাবি করেছেন তিনি তিন বছরে মাদক সমস্যা মিটিয়ে দেবেন।”
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের মদ্যপানের অভ্যাস নিয়েও এদিন কটাক্ষ করেন রাহুল। তিনি বলেন, “আমি ওর সঙ্গে লোকসভায় ছিলাম। ও আমাদের সঙ্গে বসে জোকস শোনাত। সকাল ১১টার মধ্যেই ওর মুখ থেকে মদের গন্ধ বেরোত। আমি বলছি না যে ভগবন্ত মানের মদ খাওয়া উচিত নয়, ওটা ওর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যদি সত্যিই মাদকের বিরুদ্ধে লড়তে চান, তাহলে মুখ্যমন্ত্রী নিজে রোজ সন্ধেবেলা নেশায় ডুবে থাকতে পারেন না। আপনাদের এমন একজনকে দরকার যে পঞ্জাবের জন্য লড়বে, মাদকের যন্ত্রণাটা বুঝবে।”
কংগ্রেস নেতার আরও অভিযোগ, পঞ্জাবের প্রশাসন স্বাধীনভাবে কাজ করছে না। দিল্লির নেতারাই সব নিয়ন্ত্রণ করছেন। রাহুল বলেন, “এখানকার মানুষের এমন একটা সরকার দরকার, যে পঞ্জাবের জন্য কাজ করবে। কংগ্রেস ক্ষমতায় এলে পঞ্জাব সরকার দিল্লি থেকে চলবে না। আমাদের মুখ্যমন্ত্রী সত্যিই পঞ্জাবের মুখ্যমন্ত্রী হবেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী পঞ্জাব চালাবেন না।”তিনি আরও যোগ করেন, “এখন তো অর্ধেক রাশ অমিত শাহের হাতে, আর বাকি অর্ধেক কেজরিওয়ালের হাতে। ভগবন্ত মান শুধু বসে আছেন। পঞ্জাব আসলে দিল্লি থেকেই চলছে।”
রাজ্যে মাদক ও গ্যাংস্টারদের দৌরাত্ম্য কমাতে শিল্প ও কৃষিক্ষেত্রে জোর দেওয়ার কথা বলেন রাহুল। তিনি বলেন, “বহু বছর আগে আমি যখন প্রথম পঞ্জাবে আসি, তখনই বলেছিলাম এখানে মাদক ছড়াচ্ছে। তখন বিজেপি, অকালি দলের মতো বিরোধীরা বলেছিল, রাহুল গান্ধী পঞ্জাব নিয়ে কিছুই জানে না।” তিনি জানান, যুবসমাজের কর্মসংস্থানের জন্য পঞ্জাবে প্রচুর কলকারখানা ও শক্তিশালী কৃষিব্যবস্থা দরকার। কাজ না থাকলে মাদক ও গ্যাংস্টারদের রমরমা বাড়বে, রাস্তায় হিংসা ছড়াবে বলেও সতর্ক করেন তিনি।
২০২৭ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস নেতার এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। আগামী নির্বাচনে বিজেপি, কংগ্রেস এবং শাসক দল আপের মধ্যে জোর টক্কর হতে চলেছে। প্রসঙ্গগত, ২০২২ সালের বিধানসভা নির্বাচনে পঞ্জাবের ১১৭টি আসনের মধ্যে আপ ৯২টি আসন জিতেছিল। আর কংগ্রেস পেয়েছিল ১৮টি আসন।