
Semiconductor Plants in India: আগামী সাত থেকে আট বছরের মধ্যে ভারতে আরও পাঁচ থেকে আটটি নতুন সেমিকন্ডাক্টর প্ল্যান্ট চালু হতে পারে বলে ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi announcement)। দেশের মাটিতে চিপ তৈরির ক্ষমতা বাড়ানোর উপর আরও বেশি করে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার এই ঘোষণা করেন। তাঁর মতে, আত্মনির্ভরতা এবং উন্নয়নের পথে এটি একটি বড় পদক্ষেপ।
প্রসঙ্গত, ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় মোদী জানান, দেশে ইতিমধ্যেই তিনটি বড় সেমিকন্ডাক্টর প্ল্যান্টের কাজ শুরু হয়ে গেছে এবং সেখান থেকে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানিও করা হচ্ছে। তিনি বলেন, ইলেকট্রনিক গ্যাজেট, চিকিৎসা সরঞ্জাম থেকে শুরু করে পরিবহণ ব্যবস্থা, সবকিছুতেই সেমিকন্ডাক্টর এখন অপরিহার্য। আধুনিক প্রযুক্তি ব্যবস্থা পুরোটাই চিপের উপর নির্ভরশীল।
মোদী বলেন, "আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে ভারত এখন নিজস্ব সেমিকন্ডাক্টর তৈরির ক্ষমতা অর্জন করতে শুরু করেছে।" তাঁর কথায়, দেশে চিপ উৎপাদন বাড়লে তা উন্নত ভারত গড়ার পথে এক 'বিরাট হাইওয়ে' তৈরি করবে। প্রধানমন্ত্রীর মতে, বিশ্বজুড়ে নানা অস্থিরতার মধ্যে সব দেশই নিজেদের স্বার্থ ও সম্পদ রক্ষা করতে চাইছে। তাই বিদেশি সরবরাহের উপর নির্ভরতা কমিয়ে দেশের ক্ষমতা বাড়ানো এখন অত্যন্ত জরুরি বিষয়।
PM Modi in West Bengal: 'পশ্চিমবঙ্গ দিবসে' যোগ দিতে ফের বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
মোদী তাঁর ভাষণে 'ক্রিটিক্যাল মিনারেলস' বা গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, পুরো প্রযুক্তি শিল্পই এই খনিজগুলির উপর নির্ভরশীল হয়ে রয়েছে। ভারত 'ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেলস মিশন' এবং বাজেটে ঘোষিত 'ক্রিটিক্যাল মিনারেলস করিডোর'-এর মাধ্যমে এর সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে।
তিনি আরও জানান, এই খনিজগুলি পাওয়ার জন্য বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করছে ভারত। এই বিষয়ে বিশ্বের অন্যান্য দেশগুলিও এখন ভারতের উপর ভরসা করতে শুরু করেছে। প্রধানমন্ত্রীর মতে, ভবিষ্যতের প্রযুক্তির জন্য সেমিকন্ডাক্টর এবং ক্রিটিক্যাল মিনারেলসের পাশাপাশি শক্তি সুরক্ষাও সমান জরুরি। কারণ, চিপ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সেন্টারের জন্য প্রচুর পরিমাণে বিদ্যুৎ প্রয়োজন হবে।
মোদী তাঁর ভাষণে স্পষ্ট করে দিয়েছেন যে, ভারত এখন শুধু উন্নত প্রযুক্তির বাজার হয়ে থাকতে চায় না। বরং, উৎপাদন ও উদ্ভাবনের একটি বড় কেন্দ্র বা হাবে পরিণত হতে চায়। তিনি 'সপ্তধারা' বা উন্নয়নের সাতটি প্রধান ক্ষেত্রের কথা উল্লেখ করেন। যার মধ্যে উৎপাদন, প্রযুক্তি এবং উদ্ভাবন হল অন্যতম। তাঁর কথায়, যন্ত্রাংশ ও ডিজাইন থেকে শুরু করে সম্পূর্ণ পণ্য তৈরি পর্যন্ত, গোটা ভ্যালু চেইন জুড়েই ভারতকে নিজের ক্ষমতা তৈরি করতে হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।