
Agra Police: পারিবারিক বিবাদের জেরে আগরায় যমুনা নদীতে (Yamuna River) নিজের ১১ মাসের শিশুকন্যাকে সেতু থেকে ছুড়ে ফেলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার এই নৃশংস ঘটনা ঘটে। এই ঘটনার পর অভিযুক্তকে আটক করেছে আগরা পুলিশ। তদন্তকারী পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তের নাম রিঙ্কু। অভিযোগ, স্ত্রীকে নিয়ে সেতুর উপর তর্কাতর্কির সময় প্রথমে স্ত্রীকেও নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করেন তিনি। স্ত্রী চিৎকার করে সাহায্য চাইলে পথচারীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। এরপর স্থানীয়রা রিঙ্কুকে ধরে ফেলেন এবং ঘটনাস্থলেই তাঁকে মারধর করেন। ওই ঘটনার একটি ভিডিওও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, পারিবারিক বিবাদ থেকেই ঘটনার সূত্রপাত। জানা গিয়েছে, স্ত্রী ও ১১ মাসের মেয়েকে নিয়ে মোটরবাইকে করে ঘটনাস্থলে এসেছিলেন রিঙ্কু। এরপরেই তিনি এই কাণ্ড ঘটান।
শিশুটিকে উদ্ধার করার জন্য যমুনা নদীতে ব্যাপক তল্লাশি শুরু করেছে পুলিশ। ডুবুরিদের সাহায্যে নদীতে চলছে সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশন। পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, শিশুটির সন্ধানে ডুবুরিদের নিয়ে অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে। এখনও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে আগরায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সারা পৃথিবীতেই দেখা যায়, বাবা-মায়ের ঝগড়ার বলি হয় সন্তানরা। আগরাতেও একই ঘটনা ঘটেছে। রিঙ্কু ও তাঁর স্ত্রীর মধ্যে ঠিক কী কারণে ঝগড়া শুরু হয়, তা এখনও জানা যায়নি। ছোট্ট মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন রিঙ্কুর স্ত্রী। তিনি স্বামীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, বর্ষায় যমুনা নদীতে জল বেড়েছে। এই পরিস্থিতিতে মেয়েটিকে উদ্ধার করা অত্যন্ত কঠিন। তার বেঁচে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে না। যত দ্রুত সম্ভব তার দেহ উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।