
আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, চোখ ভালো রাখতে গাজর খাও। কথাটা সত্যি, কিন্তু আজকের দিনে শুধু গাজর খেয়ে চোখ ভালো রাখা অসম্ভব। কারণ এখন আমাদের চোখের সবচেয়ে বড় শত্রু হল মোবাইল, ল্যাপটপ এবং টিভির স্ক্রিন। দিনে ৮-১০ ঘণ্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে চোখে ঝাপসা দেখা, চোখ জ্বালা, মাথা ব্যথা, ঘাড় ব্যথা এবং অল্প বয়সেই চশমার পাওয়ার বেড়ে যাওয়া এখন ঘরে ঘরে সমস্যা। এই সমস্যা থেকে বাঁচতেই চক্ষু বিশেষজ্ঞরা একটি সহজ ফর্মুলা দিচ্ছেন, যার নাম '২০-২০-২০' ফর্মুলা।
এই ফর্মুলাটা কী? নিয়মটা খুবই সহজ। প্রতি ২০ মিনিট অন্তর, ২০ সেকেন্ডের জন্য, ২০ ফুট দূরে থাকা কোনও জিনিসের দিকে তাকান। অর্থাৎ, আপনি যদি ল্যাপটপে কাজ করেন বা মোবাইল ঘাঁটেন, তাহলে প্রতি ২০ মিনিট পর পর স্ক্রিন থেকে চোখ সরিয়ে ২০ ফুট বা প্রায় ৬ মিটার দূরে থাকা কোনও গাছ, বাড়ি বা জানালার দিকে ২০ সেকেন্ড তাকিয়ে থাকুন।
এতে লাভ কী হয়? আমরা যখন একটানা কাছের জিনিসের দিকে তাকিয়ে থাকি, তখন চোখের ভিতরের সিলিয়ারি পেশি ক্রমাগত টানটান হয়ে থাকে। এর ফলেই চোখে ব্যথা এবং ক্লান্তি আসে। ২০ ফুট দূরে তাকালে সেই পেশি রিল্যাক্স হওয়ার সুযোগ পায়। এছাড়া, আমরা স্ক্রিন দেখার সময় চোখের পাতা ফেলতে ভুলে যাই। সাধারণত আমরা মিনিটে ১৫ বার চোখের পাতা ফেলি, কিন্তু স্ক্রিন দেখার সময় তা কমে ৫-৬ বারে নেমে আসে। এর ফলে চোখ শুকিয়ে যায়। ২০ সেকেন্ডের এই বিরতিতে চোখ আবার স্বাভাবিকভাবে ভিজে ওঠে।
এই ফর্মুলা মানার সঠিক নিয়ম হল, মোবাইলে ২০ মিনিটের অ্যালার্ম সেট করে রাখুন। অ্যালার্ম বাজলেই স্ক্রিন থেকে চোখ সরান। জানালার বাইরে দূরের কোনও দিকে তাকান, সম্ভব হলে চোখ বন্ধ করে ২-৩ বার জোরে পলক ফেলুন। পারলে এই সময় একটু উঠে দাঁড়িয়ে ঘাড় এবং কাঁধ স্ট্রেচ করে নিন। যারা অফিসে কাজ করেন, তারা ল্যাপটপের পাশে একটি ছোট নোটে '২০-২০-২০' লিখে রাখতে পারেন, যাতে মনে থাকে। শুধু এই একটি ছোট অভ্যাসই আপনার চোখের পাওয়ার বাড়া আটকাতে পারে এবং দিনের শেষে চোখের ক্লান্তি অনেকটা কমিয়ে দেবে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News