রাতে বানানো ডাল বেঁচে গেলে কী করবেন, তা অনেকেই ভেবে পান না। কেউ গরম করে খান, কেউ বা ফেলেই দেন। কিন্তু সামান্য বুদ্ধি খাটালেই এই ডাল দিয়ে সকালের জন্য দারুণ স্বাস্থ্যকর নাস্তা তৈরি করা যায়। এই বেঁচে যাওয়া ডাল দিয়ে বানানো পরোটা যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিকর। আসুন, জেনে নেওয়া যাক এর রেসিপি আর কিছু বিশেষ টিপস।
24
পরোটা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ
বেঁচে যাওয়া অড়হর, মুগ বা মিক্সড ডাল
এক বাটি ডালের জন্য দুই কাপ গমের আটা
কুচানো ধনে পাতা
২-৩টি কাঁচা লঙ্কা
এক চিমটে জিরে
এক চিমটে জোয়ান
আধ চামচ লাল লঙ্কার গুঁড়ো
এক চিমটে হলুদ
স্বাদমতো নুন।
ডাল পাতলা হলে আরেকটু বেশি আটা মেশাতে পারেন। সব উপকরণ একসঙ্গে মেখে নরম করে একটা মণ্ড তৈরি করুন। ডালের কারণে মণ্ডতে একটা আলাদা স্বাদ আর নরম ভাব আসে।
34
পরোটা বানানোর সহজ পদ্ধতি
মেখে রাখা আটার মণ্ডটি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখুন। এরপর মাঝারি আকারের লেচি কেটে পরোটা বেলে নিন। তাওয়া গরম করে পরোটার দুই পিঠ ভালো করে সেঁকে নিন। উপরে সামান্য ঘি বা তেল দিলে পরোটা আরও খাস্তা হবে। দই, আচার, চাটনি বা টমেটো সসের সঙ্গে এই পরোটা পরিবেশন করতে পারেন। সকালের ব্যস্ততায় ঝটপট তৈরি এই নাস্তা সারাদিনের শক্তি জোগাবে।
পরোটা আরও সুস্বাদু করতে আটার সঙ্গে গ্রেট করা গাজর, কুচানো পেঁয়াজ বা কসুরি মেথি মেশাতে পারেন। ডালে আগে থেকেই মশলা দেওয়া থাকলে, অতিরিক্ত মশলা কম ব্যবহার করুন। খেয়াল রাখবেন, আটার মণ্ড যেন খুব শক্ত বা খুব নরম না হয়ে যায়। কম আঁচে পরোটা ভাজলে ভেতরটা নরম আর বাইরেটা মুচমুচে হবে।