
আমরা ভাবি, তেল-ঝাল খাওয়া বা ধূমপানই শুধু হার্টের ক্ষতি করে। কিন্তু চিকিৎসকরা বলছেন, সকালের ছোট ছোট কিছু অভ্যাসও চুপিসারে ক্ষতি করছে হৃদযন্ত্রের। দিনের শুরুটা খারাপ হলে তার প্রভাব পড়ে সারাদিনের রক্তচাপ, সুগার এবং কোলেস্টেরলে।
*১. ঘুম থেকে উঠেই ফোন ঘাঁটা বা টেনশন নেওয়া:* ঘুম থেকে উঠেই ইমেল, খবর বা সোশ্যাল মিডিয়া দেখলে শরীরে কর্টিসল হরমোন বেড়ে যায়। এতে সকাল সকাল রক্তচাপ বেড়ে যায় এবং হার্টের উপর চাপ পড়ে। ঘুম থেকে উঠে অন্তত ৩০ মিনিট ফোন থেকে দূরে থাকুন।
*২. জল না খেয়ে খালি পেটে চা-কফি:* সারারাত ঘুমের পর শরীর ডিহাইড্রেটেড থাকে। তখন জল না খেয়ে কড়া চা বা কফি খেলে রক্ত ঘন হয়ে যায়, রক্তচাপ বাড়ে। সকালে উঠে প্রথমে এক গ্লাস সাধারণ জল খান, তার ২০ মিনিট পর চা-কফি।
*৩. প্রাতঃরাশ না করা বা দেরি করে করা:* সকালে না খেয়ে থাকলে শরীরে সুগার লেভেল ওঠানামা করে, শরীরে প্রদাহ বাড়ে, যা হৃদরোগের বড় কারণ। আবার রাস্তার ধারে কচুরি, পরোটা, বেশি মিষ্টি দেওয়া চা দিয়ে ব্রেকফাস্ট করলেও কোলেস্টেরল বাড়ে। চেষ্টা করুন ঘুম থেকে ওঠার ১ ঘণ্টার মধ্যে ওটস, ডিম, ফল বা ছাতুর মতো হালকা প্রোটিনযুক্ত খাবার খেতে।
*৪. বাথরুমে অতিরিক্ত জোর দেওয়া:* সকালে মলত্যাগের সময় অতিরিক্ত চাপ দিলে বুকে চাপ পড়ে, রক্তচাপ হঠাৎ বেড়ে যায়। যাদের আগে থেকেই হার্টের সমস্যা বা উচ্চ রক্তচাপ আছে, তাদের জন্য এটি খুবই ঝুঁকিপূর্ণ। ফাইবারযুক্ত খাবার খান, যাতে এই সমস্যা না হয়।
*৫. ঘুম থেকে উঠেই জোরে ব্যায়াম বা দৌড়ানো:* ভোরবেলা শরীরের রক্তচাপ স্বাভাবিকভাবেই একটু বেশি থাকে। ঘুম থেকে উঠেই ভারী জিম, দৌড় বা জোরে ব্যায়াম করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। প্রথমে ৫-১০ মিনিট হালকা স্ট্রেচিং, হাঁটাহাঁটি করে শরীরকে গরম করুন, তারপর ব্যায়াম শুরু করুন।
হৃদযন্ত্র ভালো রাখতে সকালের রুটিনটা ঠিক করা সবচেয়ে জরুরি। এই ছোট ছোট বদলগুলোই আপনাকে দীর্ঘদিন সুস্থ রাখতে পারে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News