
কলকাতার পুজোয় থিমের চমক। শিল্পীদের ডেকে এনে গ্রামবাংলার দৃশ্য তৈরি করা হয়। কিন্তু সেই জীবন্ত গ্রামবাংলাকে যদি সত্যিই দেখতে চান, তবে একবার পুজোর সময় চলে আসতেই হবে বোলপুর-শান্তিনিকেতনে।
সোনাঝুরির জঙ্গলে হীরালিনী মায়ের পুজো - এক অন্য দুর্গা:
এই পুজোর কথা না বললেই নয়। এটি আদিবাসী মানুষের পুজো। এখানে মা দুর্গার রূপও আলাদা। কোনো মাটির মূর্তি নয়, লোহা দিয়ে তৈরি হয় দেবীমূর্তি, যা এক অনন্য শিল্পসৃষ্টির নিদর্শন। ঘটে মায়ের পুজো হয়।
এই পুজোর বিশেষত্ব হলো এর পরিবেশ। সারারাত ধরে চলে বাউল গান, সাঁওতালি নাচ-গান, নানা আখড়ার অনুষ্ঠান। তিন দিন ধরে ভোগ-প্রসাদের ব্যবস্থা থাকে সবার জন্য। এই পুজোর সূচনা করেছিলেন প্রয়াত বাঁধন দাস। আজও কলকাতা ও দেশের নানা প্রান্তের বিশিষ্ট মানুষ এবং শিল্পীরাও এই পুজোয় ভিড় জমান। শহরের কোলাহল থেকে দূরে জঙ্গলের ভিতরে এক মাটির পুজোর স্বাদ পেতে হলে আপনাকে আসতেই হবে এখানে।
বনেদিয়ানার স্বাদ নিতে সুরুল রাজবাড়ি:
জমিদার বাড়ির পুজো দেখতে অবশ্যই যেতে হবে সুরুলের ছোটবাড়ি ও বড়বাড়ির পুজোয়। দুটি পুজোই পাশাপাশি হয়। বড়বাড়ির পুজো বেশি জাঁকজমকপূর্ণ হলেও দুই বাড়ির পুজোতেই রয়েছে এক আলাদা প্রাণ। সন্ধ্যাবেলায় ধুনোর গন্ধ, ঢাকের আওয়াজ আর বাইরে বসা গ্রাম্য মেলা মিলে এক অনন্য অনুভূতির জন্ম দেয়। বনেদি বাড়ির আচার-নিয়ম আজও নিষ্ঠার সঙ্গে পালন করা হয় এখানে।
আরও যে পুজোগুলো মিস করবেন না:
- রায়পুর জমিদারবাড়ির পুজো: অত্যন্ত প্রাণবন্ত ও জমজমাট পুজো হয় এখানে। - তালতোড়ের জমিদারবাড়ির পুজো: আকারে ছোট হলেও বনেদি ছাপ ও ঘরোয়া আচার-অনুষ্ঠানের জন্য বিশেষ আকর্ষণীয়। - গুপ্তবাড়ির পুজো: বোলপুরের অন্যতম প্রাচীন বনেদি পুজো, যার বয়স প্রায় চারশো বছর। ইতিহাসের গন্ধ পেতে হলে এখানে আসতেই হবে। - শ্যামবাটী ঠাকুরবাড়ির পুজো: খুব নিষ্ঠার সঙ্গে পালিত হয় এই পুজো।
এছাড়াও বোলপুর জুড়ে শতাধিক বারোয়ারি পুজো হয়। প্রায় প্রতিটি মণ্ডপেই সারারাত বাউল গানের আসর বসে। কোথাও হাঁড়ি ভাঙা, কোথাও দড়ি টানাটানি, আবার কোথাও নানাও গ্রামীণ খেলাধুলার আয়োজন হয়। শ্যামবাটীর খালের ওপারের আদিবাসী গ্রামের ছোট্ট পুজোটিও মন কেড়ে নেবে আপনার। এবার পুজোয় ভিড় এড়িয়ে একটু শান্তিতে, মাটির কাছাকাছি পুজো কাটাতে চাইলে বোলপুরই হতে পারে আপনার সেরা ঠিকানা।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News