
ভূত না ভ্রম, সে তর্ক না হয় তোলা থাক। হতেই পারে, পাশের বাড়ির ছাদে সত্যিই কেউ দাঁড়িয়ে ছিল। কিংবা নেহাতই কলাগাছের ছায়া পড়েছিল। ছায়াটা ততক্ষণই আপনার কাছে ভূত, যতক্ষণ না বোঝা যাচ্ছে সেটা কলাগাছ। খাটের তলাতেও হয়তো কেউ শুয়ে রয়েছে, অথবা ইঁদুরও থেকে থাকতে পারে। যা অজানা, তাকে ভয় পাওয়াটা অস্বাভাবিক নয়। আসলে ভূতের ভয় কিন্তু নেহাত ছেলেখেলা নয়। ভূত থাকুক বা না থাকুক, ভূতের ভয় রয়েছে। আর তা শরীরের ভিতর রীতিমতো তোলপাড় শুরু করতে পারে।
মনস্তত্ত্বে অতিপ্রাকৃত সত্তা বা ভূতের প্রতি তীব্র, অযৌক্তিক ভয়কে বলা হয় ‘ফ্যাজমোফোবিয়া’। এটি একটি নির্দিষ্ট ফোবিয়া। সাধারণ ভয় আর ফোবিয়ার মধ্যে তফাত আছে। সাধারণ ভয়ে আপনি অন্ধকার ঘরে ঢুকতে ভয় পাবেন, কিন্তু ফ্যাজমোফোবিয়া থাকলে অন্ধকার ঘরের কথা ভাবলেই আপনার প্যানিক অ্যাটাক হবে।
১. শারীরিক লক্ষণ: ভূতের গল্প শুনলে বা অন্ধকার জায়গায় গেলে বুক ধড়ফড়, শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘাম, হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া, মাথা ঘোরা।
২. মানসিক লক্ষণ: সবসময় মনে হওয়া কেউ দেখছে, একা ঘুমাতে না পারা, রাতে বারবার মনে হওয়া খাটের তলায় কেউ আছে, আয়নার দিকে তাকাতে ভয়।
৩. ট্রিগার পয়েন্ট: অন্ধকার ঘর, নির্জন জায়গা, পুরনো বাড়ি, শ্মশান, কবরস্থান, ভূতের সিনেমা বা গল্প - এমন নানা কিছু এই ভয়কে উস্কে দিতে পারে।
মনোবিদরা বলছেন, এর পিছনে ৩টি কারণ। ছোটবেলায় শোনা ভূতের গল্প মস্তিষ্কে গেঁথে যায়। দ্বিতীয়ত, কোনও ভয়ঙ্কর অভিজ্ঞতা। আর তৃতীয়ত, যা অজানা তাকে নিয়ন্ত্রণ করতে না পারার ভয়। আমাদের মস্তিষ্ক অজানা ছায়াকে বিপদ হিসেবে ধরে নেয়, তাই শরীরে অ্যাড্রেনালিন ক্ষরণ হয়।
এই ভয় যদি দৈনন্দিন জীবনকে ব্যাহত করে, তবে অবহেলা করবেন না। রাতে ঘুমানোর আগে ভূতের গল্প বা সিনেমা এড়িয়ে চলুন। ঘরে হালকা আলো জ্বালিয়ে ঘুমান। শ্বাসের ব্যায়াম করুন। ভয় পেলে নিজেকে প্রশ্ন করুন - এটা কি সত্যিই ভূত, নাকি কলাগাছের ছায়া? যুক্তি দিয়ে ভাবার চেষ্টা করুন। তাতেও না কমলে মনোবিদের পরামর্শ নিন। কগনিটিভ বিহেভিয়ার থেরাপিতে এই ফোবিয়া পুরোপুরি সেরে যায়।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News