North Bengal Tourism: ভিড় এড়িয়ে ডুয়ার্সে একটা শান্ত রাত? চলে যান ডামডিম। রিসর্টের পিছনেই নির্জন চা-বাগান, দূরে নীল পাহাড়ের সারি আর ভোরে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার দেখা। রইল ডামডিম ভ্রমণের গাইড।
Dooars Tourism:ডুয়ার্স মানেই তো লাটাগুড়ি, জলদাপাড়া, মূর্তি। ভিড় আর সাফারির লাইন। কিন্তু এর মাঝেই লুকিয়ে আছে এক টুকরো নির্জনতা - ডামডিম। শিলিগুড়ি থেকে মাত্র ৬৫ কিলোমিটার, মালবাজার পেরিয়ে চালসার পথে ছোট্ট জনপদ ডামডিম। এখানেই আছে এমন কিছু বুটিক রিসর্ট, যার পিছনেই শুরু হয়েছে শান্ত, নির্জন এক চা-বাগান। সকালে ঘুম ভাঙবে পাখির ডাকে। রিসর্টের বারান্দা থেকে হাঁটতে হাঁটতে ঢুকে পড়বেন চা-বাগানে। দু’পাশে সবুজ গালিচার মতো চা গাছ, মাঝে সরু পায়ে চলা পথ। দূরে নীল পাহাড়ের পর পাহাড় - কালিম্পং, সিকিম পাহাড়ের হাতছানি। আর খুব ভোরের দিকে আকাশ পরিষ্কার থাকলে কপাল ভালো হলে পেয়ে যাবেন বোনাস - কাঞ্চনজঙ্ঘার মন ছুঁয়ে যাওয়া এক ছোট্ট রূপ, সোনালি আলোয় ঝলমল করছে।
কী দেখবেন?
রিসর্টে বসেই চা-বাগানে সানসেট - ডামডিম, বাতাবাড়ি চা বাগান ঘোরা - কাছেই গরুমারা জঙ্গল, মূর্তি নদী, সামসিং, সুনতালেখোলা - দিনে দিনে ঘুরে আসা যায় - রাতে আদিবাসী নাচের আয়োজন করে অনেক রিসর্ট।
কীভাবে যাবেন?
শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে নিউ মাল জংশন। সেখান থেকে গাড়িতে ২০ মিনিটে ডামডিম। গাড়ি ভাড়া ৮০০-১০০০ টাকা। শিলিগুড়ি থেকে বাসেও আসা যায়।
কোথায় থাকবেন?
ডামডিমে এখন বেশ কয়েকটি চা-বাগান লাগোয়া রিসর্ট তৈরি হয়েছে। ভাড়া ২৫০০ থেকে ৪৫০০ টাকার মধ্যে, ব্রেকফাস্ট সহ। সপ্তাহান্তে ভিড় হয়, তাই আগে থেকে বুক করে যাওয়াই ভালো। ভিড় এড়িয়ে একটা শান্ত উইকএন্ড কাটাতে ডামডিম কিন্তু সেরা অফবিট ঠিকানা। তবে শীতের আমেজ এসে গিয়েছে। উত্তরবঙ্গে পর্যটকের আনাগোনা বাড়ছে। বছরের শেষদিকে পর্যটকের সংখ্যা বাড়বে। এই পরিস্থিতিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করলে হাতে সময় নিয়ে ট্রেন-বাসের টিকিট বুক করা উচিত। না হলে সমস্যা হতে পারে। হোটেল বা হোম স্টে-তেও আগে থাকতে কথা বলে রাখা উচিত। না হলে বুকিং পেতে সমস্যা হতে পারে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


