
Masala Dosa Recipe: বাইরে মুচমুচে, ভিতরে নরম আর ঝাল ঝাল লাল চাটনিতে ভরা, সঙ্গে আলুর মশলা, এই হল আসল মাইসোর মাসালা দোসার ম্যাজিক। অনেকেই ভাবেন দোসা বানানো খুব কঠিন, কিন্তু ব্যাটার যদি রেডি থাকে, তাহলে ২০ মিনিটেই হোটেলের মতো দোসা বানানো সম্ভব। রইল ৪ জনের জন্য পারফেক্ট রেসিপি।
উপকরণ:
১. চাল - ১ কাপ
২. বিউলির ডাল - ১/৪ কাপ
৩. চিঁড়ে - ২ টেবিল চামচ
৪. মেথি দানা - ১/২ চা চামচ
৫. নুন - স্বাদমতো
৬. জল - পরিমাণমতো
মাইসোর লাল চাটনির জন্য:
১. শুকনো লঙ্কা - ৩-৪ টি
২. রসুন - ৪ কোয়া
৩. ভাজা ছোলার ডাল - ২ টেবিল চামচ
৪. পেঁয়াজ - ১/২ টি ছোট কুচোনো
৫. তেঁতুল - ছোট এক টুকরো
৬. নুন - স্বাদমতো
আলুর মাসালার জন্য:
১. সেদ্ধ আলু - ৩ টি মাঝারি, চটকানো
২. পেঁয়াজ - ১ টি বড় কুচোনো
৩. কাঁচালঙ্কা - ২ টি কুচোনো
৪. আদা কুচি - ১ চা চামচ
৫. সরষে - ১/২ চা চামচ
৬. জিরে - ১/২ চা চামচ
৭. ছোলার ডাল - ১ চা চামচ
৮. হলুদ - ১/২ চা চামচ
৯. কারি পাতা - ৮-১০ টি
১০. ধনেপাতা কুচি - ২ টেবিল চামচ
১১. তেল - ২ টেবিল চামচ
বানানোর পদ্ধতি:
প্রথমে ব্যাটার তৈরি করে নিন। চাল, বিউলির ডাল ও মেথি আলাদা আলাদা ৪-৫ ঘণ্টা ভিজিয়ে রাখুন, চিঁড়ে ২০ মিনিট ভেজালেই হবে। এরপর সব একসঙ্গে অল্প জল দিয়ে মিহি করে বেটে নুন মিশিয়ে ৮-১২ ঘণ্টা বা সারারাত ফার্মেন্ট হতে দিন।
এবার লাল চাটনি বানানোর পালা। শুকনো লঙ্কা ১০-১৫ মিনিট গরম জলে ভিজিয়ে রাখুন। তারপর রসুন, ভাজা ছোলার ডাল, পেঁয়াজ, তেঁতুল ও নুন দিয়ে অল্প জল সহযোগে ঘন ও মসৃণ পেস্ট বানিয়ে নিন। এটাই হল মাইসোর দোসার আসল স্বাদ।
আলুর মাসালার জন্য কড়াইতে তেল গরম করে সরষে, জিরে, ছোলার ডাল ও কারি পাতা ফোড়ন দিন। আদা, কাঁচালঙ্কা ও পেঁয়াজ দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন। এবার হলুদ, চটকানো আলু, নুন ও অল্প জল দিয়ে ৩-৪ মিনিট নাড়াচাড়া করুন। ওপরে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।
এবার দোসা বানানোর সময়। তাওয়া ভালো করে গরম করে অল্প তেল ব্রাশ করে নিন। এক হাতা ব্যাটার দিয়ে পাতলা গোল করে ছড়িয়ে দিন। ওপরে মাইসোর লাল চাটনি ভালো করে মাখিয়ে দিন এবং ধার বরাবর অল্প তেল বা ঘি ছড়িয়ে দিন। মাঝারি আঁচে মুচমুচে ও সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। দোসার মাঝখানে আলুর মাসালা দিন, ভাঁজ করে আরও এক মিনিট সেঁকে নিন। গরম গরম নারকেলের চাটনি ও সাম্বার সহযোগে পরিবেশন করুন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News