ঘুমের মধ্যে হঠাৎ শরীরে তীব্র ঝাঁকুনি দেয়, ঘুম ভেঙে যায়। এই অভিজ্ঞতা কমবেশি অনেকেরই হয়েছে। কিন্তু কেন এটা হয়, তার উত্তর অনেকেরই জানা নেই। ঘুমের মধ্যে ঝাঁকুনি হওয়ার এই ঘটনাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘হিপনিক জার্ক’।

রাতে গভীর ঘুমে আচ্ছন্ন আপনি। হঠাৎ মনে হল, আপনি কোথাও থেকে পড়ে যাচ্ছেন, আর সঙ্গে সঙ্গে সারা শরীর তীব্র ঝাঁকুনি দিয়ে ঘুম ভেঙে গেল। বুক ধড়ফড় করছে। এই অভিজ্ঞতা কমবেশি ৭০% মানুষেরই জীবনে একবার না একবার হয়েছে। অনেকেই ভয় পেয়ে যান, ভাবেন শরীরে কোনও কঠিন রোগ বাসা বাঁধেনি তো? আদৌ কি এটা কোনও রোগ?

চিন্তার কোনও কারণ নেই। ঘুমের মধ্যে ঝাঁকুনি হওয়ার এই ঘটনাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘হিপনিক জার্ক’ (Hypnic Jerk) বা ‘স্লিপ স্টার্ট’ (Sleep Start)। এটি এক ধরনের অনিচ্ছাকৃত মাংসপেশীর সংকোচন (involuntary muscle twitch)। এটি কোনও রোগ নয়, বরং একেবারেই স্বাভাবিক একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া।

কেন হয় এই হিপনিক জার্ক?

যখন আমরা জেগে থাকা থেকে ঘুমের দিকে যাই, তখন আমাদের শরীর ধীরে ধীরে শিথিল হতে শুরু করে। হার্টবিট, শ্বাস-প্রশ্বাস, মস্তিষ্কের কার্যকলাপ সবই ধীর হয়ে যায়। কিন্তু অনেক সময় মস্তিষ্ক এই পরিবর্তনটা ঠিক বুঝতে পারে না। মস্তিষ্ক ভাবে, শরীর বোধহয় পড়ে যাচ্ছে বা কোনও বিপদ হতে চলেছে। তখনই শরীরকে জাগিয়ে তোলার জন্য মস্তিষ্ক দ্রুত পেশীগুলোকে সংকুচিত করে, ফলে ঝাঁকুনি হয়।

হিপনিক জার্ক বেশি হওয়ার ৫টি কারণ:

১. অতিরিক্ত স্ট্রেস ও দুশ্চিন্তা: সারাদিন মানসিক চাপ, উদ্বেগে থাকলে মস্তিষ্ক ঘুমের মধ্যেও সক্রিয় থাকে, ফলে এই ঝাঁকুনি বেশি হয়।

২. অতিরিক্ত ক্যাফিন ও নিকোটিন: ঘুমের আগে চা, কফি, এনার্জি ড্রিংক বা ধূমপান করলে স্নায়ুতন্ত্র উত্তেজিত থাকে, যা হিপনিক জার্ক বাড়িয়ে দেয়।

৩. অনিয়মিত ঘুমের রুটিন: রাত জাগা, কম ঘুম, বা প্রতিদিন ঘুমের সময় বদলালে শরীরের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়।

৪. অতিরিক্ত শারীরিক পরিশ্রম: ঘুমের ঠিক আগে ভারী ব্যায়াম বা অতিরিক্ত পরিশ্রম করলে পেশী ক্লান্ত থাকলেও মস্তিষ্ক সজাগ থাকে, তখন ঝাঁকুনি হতে পারে।

৫. শরীরে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়ামের ঘাটতি: এই দুটি খনিজের অভাবে পেশীতে টান বা খিঁচুনি বেশি হয়।

কখন চিকিৎসকের কাছে যাবেন?

মাঝে মধ্যে হিপনিক জার্ক হওয়া একদম স্বাভাবিক। কিন্তু যদি রোজ রাতে বারবার হয়, ঝাঁকুনির সঙ্গে শ্বাসকষ্ট হয়, বা দিনের বেলাতেও হাত-পা কাঁপে, তাহলে একবার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

এটি কমাবেন কীভাবে? রাতে ঘুমের অন্তত ৩ ঘণ্টা আগে কফি, চা খাওয়া বন্ধ করুন, একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান, ঘুমের আগে মোবাইল দেখা বন্ধ করে মেডিটেশন বা হালকা বই পড়ুন।