সকাল ৬টা থেকে বেলা ১২টার মধ্যে কেন বেশি হয় হার্ট অ্যাটাক? নেপথ্যের কারণ জেনে নিন

Published : Nov 10, 2026, 06:38 PM IST
morning heart attack reasons

সংক্ষিপ্ত

ভোর বা সকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি হওয়ার পেছনে শরীরের সার্কাডিয়ান রিদম এবং হরমোনের পরিবর্তন দায়ী। ঘুম থেকে ওঠার সময় রক্তচাপ ও হৃৎস্পন্দন বৃদ্ধি পাওয়ার ফলে আগে থেকে থাকা সরু ধমনীতে চাপ পড়ে হার্ট অ্যাটাক হতে পারে। সঠিক জীবনযাপন ও পর্যাপ্ত ঘুমের মাধ্যমে এই ঝুঁকি কমানো সম্ভব।

বহু মানুষের মৃত্যুর কথা মনে পড়লে একটা প্রশ্নই জাগে—সকালেই কেন হার্ট অ্যাটাক হয়? পুনীত রাজকুমার থেকে শুরু করে অনেকের ক্ষেত্রেই ভোরের হার্ট অ্যাটাক প্রাণঘাতী হয়েছে। কেউ কেউ হার্ট অ্যাটাককে ভাগ্যের দোষ দেন। কিন্তু এটা নিছক ভাগ্য বা দুর্ভাগ্যের ব্যাপার নয়। শরীরের নিজস্ব একটা ছন্দ বা বায়োলজিক্যাল ক্লক আছে। আমাদের হৃৎপিণ্ড এবং গোটা শরীর সার্কাডিয়ান রিদমের সঙ্গে তাল মিলিয়ে অনবরত কাজ করে চলেছে। আমাদের প্রাত্যহিক রুটিন, হরমোন, রক্তচাপ, রক্ত চলাচল—সবকিছুই নিয়ন্ত্রণ করে এই রিদম। আর ঠিক এই কারণেই সকালের দিকে হার্ট অ্যাটাকের ঘটনা বেশি ঘটে। বিশেষ করে শীতকালে এই ঝুঁকি আরও মারাত্মক হয়ে ওঠে।

সকালেই কেন হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি?

বিশেষজ্ঞদের মতে, সারা রাত ঘুমিয়ে শরীর বিশ্রাম নেওয়ার পর, সেই অবস্থা থেকে ফের জেগে ওঠার সময় অর্থাৎ অ্যাকটিভ হওয়ার জন্য প্রস্তুত হয়। এই সময় আমাদের মস্তিষ্ক শরীরকে পরবর্তী কাজগুলোর জন্য তৈরি করে। এর জেরে সকালে হরমোনের মাত্রা বাড়ে, হৃৎস্পন্দন বাড়ে এবং রক্ত সঞ্চালনও কিছুটা বৃদ্ধি পায়। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু যাঁদের আর্টারি আগে থেকেই সরু হয়ে আছে, তাঁদের ক্ষেত্রে এই পরিবর্তনই বিপদ ডেকে আনে।

সকালের হার্ট অ্যাটাক নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

সকাল ৬টা থেকে বেলা ১২টার মধ্যেই হার্ট অ্যাটাকের ঘটনা সবচেয়ে বেশি দেখা যায়। জানা গিয়েছে, ভোরবেলা শরীর যখন জেগে ওঠে এবং দিনের কাজের জন্য প্রস্তুত হয়, তখন শরীরে কর্টিসল এবং অ্যাড্রেনালিনের মতো হরমোনগুলি বেড়ে যায়। এতে হঠাৎ করে রক্তচাপ এবং হৃৎস্পন্দন বৃদ্ধি পায়। তা ছাড়া রক্ত কিছুটা ঘন হয়ে যায়। এর ফলে রক্ত জমাট বাঁধার আশঙ্কাও বাড়ে।

কোনও ব্যক্তির করোনারি আর্টারিতে যদি আগে থেকেই প্লাক জমা থাকে, তা হলে সকালের এই চাপ সেটাকে ফাটিয়ে দিতে পারে। প্লাক ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই রক্ত জমাট বাঁধতে শুরু করে। আর কয়েক মিনিটের মধ্যেই রক্ত চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। যার পরিণতি হতে পারে হার্ট অ্যাটাক। ইউরোপীয় হার্ট জার্নালে প্রকাশিত একটি গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে, সকালে শরীরের এই বায়োলজিক্যাল পরিবর্তনগুলি হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।

আগাম সতর্কতা কী?

সকালে হরমোনের মাত্রা বাড়লেও, তা ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। বেড়ে যাওয়া রক্তচাপও ঠিক হয়ে যায়। সন্ধ্যার দিকে শরীর অনেক বেশি বিশ্রাম পায়। হঠাৎ করে আর্টারিতে সমস্যা হওয়ার আশঙ্কাও কমে। এর মানে এই নয় যে সন্ধ্যায় হার্ট অ্যাটাক হতে পারে না। যদি মাত্রাতিরিক্ত খাওয়া-দাওয়া হয়, সন্ধ্যায় মদ্যপান, মানসিক চাপ বা কাজের চাপ লাগাতার থাকে, তবে হঠাৎ বিপদ হতে পারে। তাই স্বাস্থ্যকর জীবনযাপন মেনে চললে সন্ধ্যার হার্ট অ্যাটাকও এড়ানো সম্ভব।

হার্ট অ্যাটাকের অন্যান্য প্রধান কারণ

হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আমাদের জীবনযাপন একটা বড় ভূমিকা পালন করে। ঠিকমতো ঘুম না হওয়া, রাত জাগার অভ্যাস, মাঝরাতে খাবার অর্ডার করে খাওয়া, অতিরিক্ত ভোজন, কাজের টানা চাপ—এসব শরীরের বায়োলজিক্যাল ক্লককে বিগড়ে দেয়। গবেষণায় প্রমাণিত যে, বিশেষ করে পর্যাপ্ত ঘুম না হলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। তাই প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা, অতিরিক্ত বা একেবারে কম না খেয়ে পরিমিত আহার, সকালবেলা মনমরা হয়ে না থেকে ফুরফুরে মেজাজে থাকা এবং সকালে কোনও তাড়াহুড়ো ছাড়াই ধীরে সুস্থে দিন শুরু করার অভ্যাস করলে হার্ট অ্যাটাকের ভয় দূর করা যায়। প্রাত্যহিক জীবনের এই ছোট ছোট পরিবর্তনগুলো শরীরের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে হৃৎপিণ্ডকে সুরক্ষিত রাখে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

রইল কিচেন ব্রাশ থেকে তেলের চিটচিটে ভাব দূর করার ম্যাজিক ট্রিক
সকালে এই ৫টি ভুল করছেন? অজান্তেই ক্ষতি হচ্ছে হৃদযন্ত্রের, প্রতিদিন বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি