
Offbeat Tourist Spot: দার্জিলিং (Darjeeling) মানেই কোলাহল, হোটেলের ভিড় আর গাড়ির জ্যাম। কিন্তু দার্জিলিংয়ের খুব কাছেই এমন এক স্বর্গ লুকিয়ে আছে, যেখানে গেলে আপনি প্রাণ ভরে শ্বাস নিতে পারবেন। জায়গাটির নাম বুংকুলুং। মিরিক থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট গ্রামটি এখনও পর্যটকদের ভিড় থেকে অনেক দূরে। যারা শহরের কোলাহল থেকে দূরে দুটো দিন শান্তিতে কাটাতে চান, তাদের জন্য বুংকুলুং আদর্শ।
বুংকুলুং-এ গেলে আপনি একসঙ্গে অনেক কিছু পাবেন। চারপাশে সারি সারি পাহাড়, যতদূর চোখ যায় ঘন সবুজ জঙ্গল আর চোখ জুড়ানো চা বাগান। সকালবেলা ঘুম ভাঙবে নানা রঙের পাখির ডাকে। এখানে প্রায় ২০০ প্রজাতির পাখি দেখা যায়, তাই পাখিপ্রেমীদের জন্য এটি স্বর্গ। এছাড়াও এখান থেকে আপনি ট্রেক করে যেতে পারেন নিকটবর্তী বালাসন নদীর ধারে। নদীর ধারে বসে পিকনিক করার মজাই আলাদা। চাইলে গ্রামের স্থানীয় মানুষদের সঙ্গে গল্প করে, তাদের সংস্কৃতি সম্পর্কেও জানতে পারবেন।
শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি ভাড়া করে ২ থেকে ২.৫ ঘণ্টায় পৌঁছে যাবেন বুংকুলুং। থাকার জন্য এখানে বেশ কিছু সুন্দর হোমস্টে রয়েছে। খরচও খুব বেশি নয়, জনপ্রতি ১২০০ থেকে ১৫০০ টাকার মধ্যে থাকা-খাওয়া হয়ে যাবে। আকাশ পরিষ্কার থাকলে হোমস্টে থেকেই কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পাবেন। তাই এবার দার্জিলিং নয়, ভিড় এড়িয়ে ঘুরে আসুন এই অফবিট স্বর্গ বুংকুলুং থেকে। দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে। পুজোর সময় যদি বেড়াতে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে এখনই পরিকল্পনা করে ফেলুন। ট্রেনের টিকিট পাওয়া কার্যত অসম্ভব। তবে বাসের টিকিট পেতে পারেন। একান্ত বাসের টিকিট না পেলে নিজের গাড়ি নিয়েও বেরিয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে আলাদা অনুভূতি হবে। পাহাড়ি রাস্তায় গাড়ি বা বাইক চালানোর রোমাঞ্চ বাড়তি পাওনা হবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News