West Bengal Tourism: চেনা পর্যটনকেন্দ্রগুলির বাইরে পুরুলিয়ায় রয়েছে এমন এক শান্ত উপত্যকা, যার সৌন্দর্য মুগ্ধ করে ভ্রমণপিপাসুদের। জায়গাটির নাম কেশরা ভ্যালি, যাকে বলা হয় বান্দোয়ানের পহেলগাম।

Purulia Tourism: চেনা পর্যটনকেন্দ্রগুলির বাইরে পুরুলিয়ায় রয়েছে এমন এক শান্ত উপত্যকা, যার সৌন্দর্য মুগ্ধ করে ভ্রমণপিপাসুদের। ভিড় এড়িয়ে নিরিবিলিতে প্রকৃতির মাঝে দুটো দিন কাটাতে চাইলে আপনার গন্তব্য হতে পারে এই জায়গা। জায়গাটির নাম কেশরা ভ্যালি (Keshra Valley)। স্থানীয়রা একে ভালবেসে বলেন বান্দোয়ানের পহেলগাম।

কোথায় এই কেশরা ভ্যালি?

পুরুলিয়া জেলার বান্দোয়ান ব্লকের কুঁচিয়া গ্রামে অবস্থিত এই উপত্যকা। চারদিকে ছোট ছোট টিলা, শাল-পলাশের জঙ্গল, মাঝখান দিয়ে বয়ে চলেছে কংসাবতী নদীর একটি শাখা। বর্ষার পর এবং শীতকালে এই উপত্যকা সবুজ গালিচায় ভরে ওঠে। দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ, তার মাঝে চরে বেড়াচ্ছে গরু-ছাগল - দেখলে মনে হবে যেন ছোটখাটো কাশ্মীর।

কী দেখবেন?

এখানে দেখার মতো আলাদা কিছু নেই, এখানে উপভোগ করার মতো আছে শান্তি। সকালের কুয়াশা ভেদ করে সূর্যোদয়, দুপুরে টিলার ওপর বসে উপত্যকার হাওয়া, আর বিকেলে নদীর ধারে পা ডুবিয়ে বসে থাকা - এটাই কেশরা ভ্যালির আসল মজা। পাশেই রয়েছে কুঁচিয়া ড্যাম, দুয়ারসিনি মন্দির। চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন দুয়ারসিনি, ভালু ড্যাম থেকেও।

কেশরা গ্রাম ও সয়েল বাঁধ

প্রকৃতির সৌন্দর্যে মন ভরানোর পর ঘুরে আসতে পারেন কেশরা গ্রাম থেকে। এখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস। গ্রামের বাড়িগুলির দেওয়ালে চোখে পড়বে হাতে আঁকা নানা নকশা। ফুল, পশুপাখি এবং আদিবাসী জীবনের নানা ছবি ফুটে ওঠে সেই দেওয়ালে। সহর বা বাঁদনা পরবের সময় এই নকশাগুলি আঁকা হয়। কেশরা গ্রামের কাছেই রায়কা পাহাড়ের পাদদেশে রয়েছে সয়েল বাঁধ। জলাশয়ের ধারে বসে কিছুটা সময় কাটাতে পারেন। পাহাড় আর জলের মেলবন্ধনে জায়গাটির পরিবেশ বেশ মনোরম। শহরের কোলাহল থেকে দূরে নিরিবিলিতে সময় কাটানোর জন্য এই জায়গাও ঘুরে দেখতে পারেন।

কীভাবে যাবেন ও থাকবেন?

কলকাতা থেকে পুরুলিয়া শহর প্রায় ৩০০ কিমি। পুরুলিয়া থেকে বান্দোয়ান প্রায় ৬০ কিমি। বান্দোয়ান থেকে কুঁচিয়া মাত্র ৮-৯ কিমি। নিজের গাড়ি বা বাইকে গেলে সবচেয়ে সুবিধা। থাকার জন্য বান্দোয়ানে কিছু লজ আছে, তবে সবচেয়ে ভালো অভিজ্ঞতা হবে যদি টেন্টে থাকেন। এখন শীতকালে অনেক স্থানীয় ট্যুর অপারেটর এখানে ক্যাম্পিংয়ের ব্যবস্থা করছে। শীতের ছুটিতে অযোধ্যা, বড়ন্তির ভিড় এড়িয়ে যদি একটু অফবিট জায়গা খুঁজছেন, তবে কেশরা ভ্যালি আপনার জন্য পারফেক্ট।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।