
বয়সের ছাপ আর বলিরেখা নিয়ে আর চিন্তা নয়। দামি ক্রিম বা পার্লারের খরচ ছাড়াই ঘরোয়া আমের ফেস মাস্কে ফিরে পান টানটান ত্বক। ভিটামিন A, C আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পাকা আম কোলাজেন বাড়িয়ে ত্বকের ইলাস্টিসিটি ফিরিয়ে আনে। সঙ্গে মধু আর দই মিশলে এই মাস্ক হয়ে ওঠে ত্বকের জন্য একেবারে প্রাকৃতিক টনিক। রাসায়নিক মুক্ত হওয়ায় সব ধরনের ত্বকে এটি ব্যবহার করা যায়, এমনকি সংবেদনশীল ত্বকের জন্যও নিরাপদ।
পাকা আমে থাকা প্রাকৃতিক এনজাইম মরা কোষ সরিয়ে ত্বককে নতুন করে তোলে। এতে থাকা ভিটামিন C ত্বকের উজ্জ্বলতা বাড়ায় আর দাগছোপ হালকা করে। মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখে, ফলে ত্বক শুকনো হয় না বা টান টান লাগে না। দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বকের রং ফর্সা করে আর ত্বককে ঠান্ডা রাখে। নিয়মিত ব্যবহারে বলিরেখা ধীরে ধীরে কমে, ত্বক হয় মসৃণ আর কোমল। আমের মধ্যে থাকা বিটা ক্যারোটিন সূর্যের ক্ষতি থেকে ত্বককে বাঁচাতেও সাহায্য করে।
কীভাবে তৈরি করবেন:
একটি পাকা আম ভালো করে চটকে মসৃণ পিউরি বানিয়ে নিন। খেয়াল রাখবেন যেন কোনও দানা না থাকে, নইলে ত্বকে ঘষা লাগতে পারে। এবার তাতে এক টেবিল চামচ টক দই আর এক চা চামচ খাঁটি মধু মিশিয়ে নিন। মিশ্রণটা খুব পাতলা হলে সামান্য বেসন যোগ করে ঘন করে নিতে পারেন, এতে প্যাকটা ভালো করে বসবে। মুখ ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নরম তোয়ালে দিয়ে শুকনো করে নিন। তারপর এই প্যাকটি চোখের চারপাশ এড়িয়ে কপাল, গাল, নাক আর চিবুকে সমানভাবে লাগান।
১৫-২০ মিনিট রেখে দিন যতক্ষণ না প্যাকটা পুরোপুরি শুকিয়ে যায়। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে আলতো হাতে বৃত্তাকারে ম্যাসাজ করতে ধুয়ে ফেলুন। এতে রক্ত সঞ্চালন বাড়বে আর ত্বক আরও উজ্জ্বল দেখাবে। সপ্তাহে ২-৩দিন ব্যবহার করলেই ত্বকের পরিবর্তন নিজেই টের পাবেন। সবচেয়ে ভালো ফল পেতে রাতে ঘুমানোর আগে এই মাস্ক লাগান, কারণ রাতে ত্বকের রিপেয়ার প্রক্রিয়া সবচেয়ে বেশি কাজ করে।
ব্যবহারের টিপস:
মাস্ক লাগানোর পর হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন যাতে আর্দ্রতা লক থাকে। ত্বকে অ্যালার্জি থাকলে প্রথমে হাতে সামান্য লাগিয়ে ১০ মিনিট পর দেখে নিন। এর সঙ্গে প্রতিদিন ৮-১০ গ্লাস জল খান আর ৭-৮ ঘণ্টা ঘুমান। তাহলেই ত্বক ভিতর থেকে উজ্জ্বল হবে আর বলিরেখাও দূরে থাকবে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News