
সকালে আনা পাউরুটি বিকেলে বাসি হয়ে গেলেই আমরা অনেকেই ফেলে দিই। কিন্তু জানেন কি, এই বাসি বা টাটকা পাউরুটি দিয়েই বিকেলের চায়ের সঙ্গে জমে যাবে দোকানের মতো মুচমুচে ব্রেড পাকোড়া? বানানোও খুব সহজ, কোনও ঝামেলা নেই আর খেতেও দারুণ। বাচ্চাদের টিফিন বা অতিথি আপ্যায়নেও এটি সেরা।
এই পাকোড়ার বিশেষত্ব হল, এর জন্য মাছ-মাংস বা দামি কিছুই লাগে না। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। বাইরেটা মুচমুচে আর ভেতরটা নরম তুলতুলে হয়।
১. বাসি বা টাটকা পাউরুটি - ৬ পিস ২. বেসন - ১ কাপ ৩. চালের গুঁড়ো - ২ চামচ (মুচমুচে হওয়ার জন্য) ৪. পেঁয়াজ কুচি - ১ টি মাঝারি ৫. কাঁচালঙ্কা কুচি - ২ টি ৬. আদা-রসুন বাটা - ১ চা চামচ ৭. হলুদ গুঁড়ো - সামান্য ৮. লঙ্কা গুঁড়ো - ১/২ চা চামচ ৯. চাট মশলা বা গরম মশলা - ১/২ চা চামচ ১০. ধনেপাতা কুচি - পরিমাণ মতো ১১. নুন - স্বাদ মতো ১২. জল - প্রয়োজন মতো ১৩. ভাজার জন্য সাদা তেল
প্রথমে পাউরুটিগুলোকে ত্রিকোণ বা চৌকো করে কেটে নিন। চাইলে পিসগুলোকে আরও ছোট টুকরো করেও নিতে পারেন, তাতে পাকোড়া আরও মুচমুচে হবে।
এবার একটি বড় পাত্রে বেসন, চালের গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, চাট মশলা আর নুন একসঙ্গে মিশিয়ে নিন। এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা-রসুন বাটা আর ধনেপাতা কুচি দিয়ে দিন। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করুন। ব্যাটার যেন খুব পাতলা না হয়।
এখন কেটে রাখা পাউরুটির টুকরোগুলো ওই বেসনের ব্যাটারে ভালো করে ডুবিয়ে নিন, যাতে চারপাশে ভালোভাবে কোটিং লাগে।
কড়াইতে তেল গরম করুন। তেল ভালো গরম হলে আঁচ মাঝারি করে দিন। এবার একটা একটা করে ব্যাটারে ডোবানো পাউরুটি তেলে ছাড়ুন। দু-পিঠ লালচে ও মুচমুচে করে ভেজে তুলুন।
গরম গরম ব্রেড পাকোড়া টমেটো সস বা ধনেপাতার চাটনির সঙ্গে পরিবেশন করুন। একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News