
Lifestyle Tips: বাইরে টিপটিপ বৃষ্টি, জানলা দিয়ে ঠান্ডা হাওয়া। কিন্তু ঘরের ভিতরটা কেমন যেন ভ্যাপসা আর সোঁদা। বিছানার চাদর, আলমারির জামা সবেতেই একটা বর্ষার গন্ধ লেগে আছে। বাজার থেকে রুম ফ্রেশনার কিনে আনলেও ২ দিন পর সেই কড়া কেমিক্যালের গন্ধ আর ভালো লাগে না।
সমাধানটা আছে আপনার ঠাকুরঘরেই। পুজোর পর যে জবা, গাঁদা, গোলাপ আর বেলফুলগুলো আপনি পরের দিন ফেলে দেন, সেই বাসি ফুল দিয়েই বানিয়ে ফেলুন দারুণ সুগন্ধি রুম ফ্রেশনার। ফুল নষ্ট হবে না, পয়সাও বাঁচবে আর ঘর থাকবে একদম ফুলের মতো সতেজ।
ফুলে প্রাকৃতিক তেল থাকে। তাই পুজোর ১ দিন পরেও ওদের গায়ে হালকা গন্ধ লেগে থাকে। গরম জলে ফোটালেই সেই গন্ধটা আরও সুন্দর করে বেরিয়ে আসে। আর যেহেতু পুরোটাই প্রাকৃতিক, তাই বাচ্চা আর বাড়ির বয়স্কদেরও কোনো অসুবিধা হবে না।
বানোটা খুব সহজ। প্রথমে পুজোর থালা থেকে ফুলগুলো বেছে নিন। পাতা আর ডাঁটি বাদ দিয়ে শুধু পাপড়িগুলো রাখুন। একটা পাত্রে ২ কাপ মতো জল ভালো করে ফুটিয়ে নিন। জল ফুটে উঠলে গ্যাস বন্ধ করে দিন। এবার গরম জলের মধ্যে সব পাপড়ি দিয়ে দিন। বর্ষার সোঁদা গন্ধ কাটানোর জন্য সাথে ১ টুকরো দারচিনি বা ২-৩টে লবঙ্গও দিতে পারেন। এগুলো গন্ধ শুধু বাড়ায় না, ঘরের ব্যাকটেরিয়াও কমায়।
এবার পাত্রটা ঢাকা দিয়ে ১ ঘন্টা মতো রেখে দিন। যাতে ফুলের সব এসেন্স জলে নেমে আসে। ১ ঘন্টা পর জলটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। এই সুগন্ধি জলটাই আপনার রুম ফ্রেশনার। এটা একটা স্প্রে বোতলে ভরে নিন।
এই স্প্রে আপনি ঘরের পর্দায়, সোফায়, বিছানার চাদরে আর ঘরের চার কোণে ছেটাতে পারেন। বাথরুমের ভ্যাপসা গন্ধ বা রান্নাঘরের তেলের গন্ধও নিমেষে চলে যাবে। চাইলে ফ্রিজে রেখে ৪-৫ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
স্প্রে বানাতে ইচ্ছে না হলে আরও একটা উপায় আছে। ফোটানো ফুলের পাপড়িগুলো ফেলবেন না। একটা পাতলা সুতির পুঁটলিতে বেঁধে আলমারি, বা গাড়িতে রেখে দিন। কাপড় থেকে বা গাড়ি থেকে আসা ভ্যাপসা গন্ধ একদম থাকবে না।
পুজোর ফুল দেবতাকে নিবেদন করার পর তার একটা আলাদা পবিত্রতা থাকে। সোজা ডাস্টবিনে ফেলে না দিয়ে এভাবে ব্যবহার করলে প্রকৃতিরও উপকার হয়। বর্ষার এই সোঁদা দিনগুলোতে ঘরকে রাখুন ফুলের সুবাসে ভরপুর। আর পয়সা খরচ করে কেমিক্যাল কেনারও দরকার পড়বে না।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News