
সকাল থেকে রাত, হাতের মুঠোয় ফোন। ঘুম থেকে উঠেই Instagram, কাজের ফাঁকে YouTube Shorts, রাতে ঘুমনোর আগে Netflix। এক মিনিটও ফাঁকা নেই। ফাঁকা হলেই আমরা অস্থির হয়ে পড়ি।
কিন্তু মনোবিদ আর নিউরোসায়েন্টিস্টরা এখন বলছেন উল্টো কথা। তাদের মতে, দিনে ১০-১৫ মিনিট "কিচ্ছু না করে" বসে থাকাটাই এখন সবচেয়ে দরকারি "কাজ"। একে ইংরেজিতে বলে "Doing Nothing" বা "Boredom Therapy"।
কেন "কিচ্ছু না করা" এত কঠিন?
আমরা ছোট থেকে শিখেছি - ফাঁকা বসে থাকা মানে সময় নষ্ট। প্রযুক্তি সেই ধারণাটাকে ১০ গুণ বাড়িয়ে দিয়েছে। নোটিফিকেশন, রিল, মেসেজ - ব্রেন সবসময় নতুন ডোপামিন খুঁজছে। তাই ৫ মিনিট ফোন ছাড়া থাকলেই মনে হয় একঘেয়ে লাগছে, অস্বস্তি হচ্ছে।
আসলে আমাদের ব্রেন "Default Mode Network" নামের একটা সিস্টেমে কাজ করে। যখন আমরা কোনো কাজ করি না, তখনই এই নেটওয়ার্ক অ্যাকটিভ হয়। আর তখনই ব্রেন নিজের সমস্যা সলভ করে, স্মৃতি গোছায় আর নতুন আইডিয়া বানায়।
কিচ্ছু না করার ৪টে বড় উপকারিতা:
১. স্ট্রেস কমায় সারাক্ষণ স্ক্রিন দেখলে কর্টিসল হরমোন বাড়ে। চুপচাপ জানলার বাইরে তাকিয়ে থাকলে, বা ছাদে বসে আকাশ দেখলে নার্ভাস সিস্টেম শান্ত হয়। এটাই আসল রিচার্জ।
২. ক্রিয়েটিভিটি বাড়ে সবচেয়ে ভালো আইডিয়াগুলো বাথরুমে বা হাঁটতে গিয়ে মাথায় আসে কেন? কারণ তখন ব্রেনকে জোর করে কিছু ভাবতে হয় না। "কিচ্ছু না করা"র সময়েই ব্রেন পুরনো তথ্য জোড়া দিয়ে নতুন কিছু বানায়।
৩. আত্ম-সচেতনতা তৈরি হয় ফোন হাতে থাকলে আমরা নিজের অনুভূতিগুলো এড়িয়ে যাই। ১০ মিনিট চোখ বন্ধ করে বসলে বোঝা যায় আমি আসলে ক্লান্ত, নাকি রেগে আছি, নাকি কিছু চাইছি। এই বোঝাপড়াটাই মানসিক স্বাস্থ্যের চাবিকাঠি।
৪. ঘুম ভালো হয় রাতে শোয়ার আগে ১৫ মিনিট স্ক্রিন ছাড়া বসে থাকুন। ব্রেন বুঝবে এবার বিশ্রামের সময়। ফলে ঘুম গভীর হবে।
তাহলে কীভাবে "কিচ্ছু করবেন"?
এটা ধ্যান নয়, আবার ঘুমও নয়। নিয়ম খুব সোজা: ১. ফোন দূরে রাখুন: অন্য ঘরে বা সাইলেন্ট করে। ২. কোনো লক্ষ্য রাখবেন না: গান শুনবেন না, বই পড়বেন না, প্ল্যান করবেন না। ৩. শুধু বসুন: চা খেতে পারেন, জানলা দিয়ে বাইরে দেখতে পারেন, বা চোখ বন্ধ করে শ্বাস নিতে পারেন। ৪. অস্বস্তি এলে পালাবেন না: প্রথম ৩-৪ দিন বোর লাগবে। ওই অস্বস্তিটাই সেরে যাওয়ার লক্ষণ।
জেন-জি-র মধ্যে এখন "রুম রটিং" ট্রেন্ড আসার কারণও এটাই। ওরা বুঝে গেছে ছুটিতে গিয়েও যদি ১০টা জায়গা দৌড়াতে হয়, তাহলে সেটা ছুটি নয়।
আমরা মেশিন হয়ে গেছি। সবসময় প্রোডাক্টিভ থাকতে হবে, কিছু না কিছু করতেই হবে। কিন্তু ব্রেনও তো একটা পেশি। একে বিশ্রাম না দিলে একদিন থেমে যাবে।
তাই আজ থেকে দিনে ১০ মিনিটের জন্য "আনপ্রোডাক্টিভ" হন। কিচ্ছু করবেন না। শুধু থাকবেন। দেখবেন মন অনেক হালকা লাগবে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News