
BWF World Championships 2026: দেশের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের ডাবলসে হতাশাজনক পারফরম্যাান্স দেখাল ভারতের তারকা জুটি সাত্ত্বিকসাইরাজ রণকিরেড্ডি ও চিরাগ শেট্টি। চিনের (China) অলিম্পিক্সে (Olympics) রুপোজয়ী জুটি লিয়াং ওয়েই কাং (Liang Wei Kang) ও ওয়াং চ্যাংয়ের (Wang Chang) কাছে সরাসরি গেমে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল ভারতীয় জুটি। মাত্র ৩৬ মিনিটের ম্যাচে ১৮-২১, ৯-২১ ব্যবধানে হারতে হয় বিশ্বের প্রাক্তন এক নম্বর ভারতীয় জুটিকে। দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে (Delhi’s Indira Gandhi Stadium) প্রচুর দর্শক উপস্থিত থাকলেও, সাত্ত্বিক-চিরাগ তাঁদের পরিচিত ছন্দ ও আগ্রাসন দেখাতে পারেননি। প্রথম গেমে অবশ্য ভারতীয় জুটি একসময় ১৫-১২ এবং পরে ১৮-১৬ এগিয়ে যায়। কিন্তু লিয়াং ও ওয়াং দুর্দান্তভাবে ফোরকোর্ট নিয়ন্ত্রণ করে টানা পাঁচ পয়েন্ট তুলে নিয়ে ২১-১৮ ব্যবধানে গেম জিতে নেন। দ্বিতীয় গেমে ভারতীয়দের লড়াই আরও দ্রুত ভেঙে পড়ে। ফোরকোর্টে একের পর এক ভুল করতে থাকেন সাত্ত্বিক ও চিরাগ। উল্টোদিকে চিনা জুটি র্যালিগুলি নিচু রেখে ভারতীয়দের শক্তিশালী স্ম্যাশের সুযোগই দেয়নি। শেষপর্যন্ত দ্বিতীয় গেম ২১-৯ জিতে সহজেই ম্যাচ পকেটে পুরে নেয় চিনা জুটি।
সাত্ত্বিকের কাঁধের চোট এই জুটির পারফরম্যান্সে প্রভাব ফেলেছে। এক মাসেরও বেশি সময় প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে থাকার পর বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে কোর্টে ফেরেন সাত্ত্বিক। প্রি-কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার (Malaysia) জুটি জুনেইদি আরিফ (Junaidi Arif) ও রয় কিম ইয়াপের (Roy Kim Yap) বিরুদ্ধে তিন গেমের কঠিন লড়াই করতে হয়েছিল ভারতীয় জুটিকে। সেই ম্যাচে সাত্ত্বিক-চিরাগ ২১-২৩, ২১-১৯, ২১-১৭ ফলে জয় পান। কিন্তু কোয়ার্টার-ফাইনালে তাঁরা আর জয় পেলেন না।
তবে সাত্ত্বিক-চিরাগের বিদায় সত্ত্বেও বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের পদকের ধারাবাহিকতা এখনও অক্ষুণ্ণ রয়েছে। এর আগে তৃষা জলি (Treesa Jolly) ও গায়ত্রী গোপীচাঁদ (Gayatri Gopichand) চিনের চতুর্থ বাছাই জিয়াই ফান (Jia Yifan) ও ঝাং শু শিয়ানকে (Zhang Shu Xian) হারিয়ে মহিলাদের ডাবলসের সেমি-ফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করেছেন। এরপর সাত্ত্বিক-চিরাগের জন্য এই হার অবশ্যই হতাশার। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতিমধ্যেই দু'টি পদক জেতা ভারতীয় জুটির সামনে ঘরের মাটিতে ইতিহাস গড়ার সুযোগ ছিল। এখন তাঁদের লক্ষ্য থাকবে দ্রুত সেরা ছন্দে ফিরে এশিয়ান গেমসে (Asian Games 2026) নিজেদের সোনা ধরে রাখা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।