BWF World Championships 2026: দিল্লিতে (Delhi) চলছে বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপস ২০২৬। পুরুষ ও মহিলাদের সিঙ্গলসে ভারতের কোনও শাটলার পদক জিততে পারেননি। তবে মহিলাদের ডাবলসে পদক নিশ্চিত করেছেন তৃষা জলি (Treesa Jolly) ও গায়ত্রী গোপীচাঁদ (Gayatri Gopichand)। দেড় দশক পর ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের সিঙ্গলসে পদক জিতল ভারত।
KNOW
Badminton News: বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে (BWF World Championships 2026) মহিলাদের ডাবলসে ভারতের ১৫ বছরের পদকের খরা কাটালেন তৃষা জলি (Treesa Jolly) ও গায়ত্রী গোপীচাঁদ (Gayatri Gopichand)। চিনের চতুর্থ বাছাই জুটি জিয়া ই ফান ও ঝাং শু শিয়ানের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে জয় পেয়ে সেমি-ফাইনালে পৌঁছে গেল ভারতীয় জুটি। প্রথম গেমে হেরে গেলেও, তারপর ঘুরে দাঁড়িয়ে জয় পেলেন তৃষা-গায়ত্রী। তাঁদের পক্ষে ম্যাচের ফল ১৬-২১, ২১-১৫, ২১-১৩। এই জয়ের ফলে বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলা ডাবলসে ভারতের পদক নিশ্চিত হল। ২০১১ সালে শেষবার বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলাদের ডাবলসে পদক জিতেছিল ভারত। সেবার ব্রোঞ্জ জেতেন অশ্বিনী পোনাপ্পা (Ashwini Ponnappa) ও জ্বালা গুট্টা (Jwala Gutta)। দীর্ঘ ১৫ বছর পর তৃষা ও গায়ত্রী পদক নিশ্চিত করলেন।
পিছিয়ে পড়েও জয় তৃষা-গায়ত্রীর
চতুর্থ বাছাই চিনা জুটির বিরুদ্ধে লড়াইয়ের শুরুটা অবশ্য একেবারেই ভালো করতে পারেননি তৃষা ও গায়ত্রী। প্রথম গেমে ০-৪ পিছিয়ে পড়ে শেষপর্যন্ত ১৬-২১ ব্যবধানে হেরে যায় ভারতীয় জুটি। তবে দ্বিতীয় গেম থেকেই ম্যাচের গতি বদলে যায়। আক্রমণাত্মক ব্যাডমিন্টন এবং দীর্ঘ র্যালিতে দুর্দান্ত ধৈর্য দেখিয়ে ২১-১৫ ব্যবধানে গেম জিতে ম্যাচে সমতা ফেরান তৃষা-গায়ত্রী। তৃতীয় তথা নির্ণায়ক গেমের শুরু থেকেই ভারতীয় জুটিকে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। গ্যালারির সমর্থন যত বাড়তে থাকে, ততই নিজেদের সেরা খেলাটা তুলে ধরেন তাঁরা। চিনা জুটি লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ২১-১৩ ব্যবধানে তৃতীয় গেম জিতে নেন তৃষা ও গায়ত্রী।
প্রথমবার চিনা জুটির বিরুদ্ধে জয়
এর আগে জিয়া-ঝাংয়ের বিরুদ্ধে তিনবারের সাক্ষাতেই হেরে যান তৃষা-গায়ত্রী। এবার তাঁরা জয় ছিনিয়ে নিলেন। এই জয়ের মধ্য দিয়ে শুধু সেমি-ফাইনালে জায়গা করে নেওয়াই নয়, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা ডাবলসে পদকের দীর্ঘ অপেক্ষারও অবসান ঘটল। দেশের মাটিতে উচ্ছ্বসিত দর্শকদের সামনে তৃষা ও গায়ত্রীর এই প্রত্যাবর্তন ভারতীয় ব্যাডমিন্টনের জন্য নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


