
Mohammed Siraj: টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারতীয় দলে জায়গা না পেয়ে ছুটি কাটানোর জন্য বিশেষ পরিকল্পনা করেছিলেন। কিন্তু সব পরিকল্পনাই বাতিল করতে হল মহম্মদ সিরাজকে। এই পেসার অপ্রত্যাশিতভাবে জাতীয় দলে জায়গা পেয়েছেন। হর্ষিত রানা (Harshit Rana) চোট পেয়ে ছিটকে যাওয়ায় টি-২০ বিশ্বকাপে জাতীয় দলে জায়গা পান সিরাজ। তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে (India vs United States of America) প্রথম ম্যাচে অসুস্থতার জন্য জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) খেলতে না পারায় তাঁর পরিবর্তে খেলার সুযোগ পান সিরাজ। ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এই পেসার। চার ওভার বোলিং করে ২৯ রান দিয়ে তিন উইকেট নেন সিরাজ। আরও ভালো পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য।
আইপিএল-এর (IPL 2026) আগে ছুটি পেয়ে যাওয়ায় ১৫ ফেব্রুয়ারি স্যান্তিয়াগো বার্নাব্যুতে (Santiago Bernabeu) রিয়াল মাদ্রিদের (Real Madrid) ম্যাচ দেখতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন সিরাজ। এরপর তিনি পরিবারের সবার সঙ্গে রমজান (Ramzan) পালন করার প্রস্তুতি নিচ্ছিলেন। রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2025-26) খেলার পর কিছুদিন বিশ্রাম পেয়েছিলেন এই পেসার। সেই কারণেই তিনি ছুটি কাটানোর পরিকল্পনা সেরে নিয়েছিলেন। কিন্তু জাতীয় দলে ডাক পাওয়ায় সবকিছু ছেড়ে টি-২০ বিশ্বকাপ খেলতে চলে গিয়েছেন। এখন এই টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে পরপর দু'বার চ্যাম্পিয়ন করাই সিরাজের লক্ষ্য।
হর্ষিত চোট পেয়ে ছিটকে যাওয়ার পর যখন ভারতীয় দলে বিকল্প পেসার প্রয়োজন হয়, তখন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) সিরাজকে ফোন করে বলেন, 'তৈরি হও, ব্যাগ গুছিয়ে নাও আর চলে এসো।' সে কথা শুনে সিরাজ প্রথমে ভেবেছিলেন, তাঁর সঙ্গে রসিকতা করা হচ্ছে। কারণ, গত দেড় বছরে তিনি টি-২০ ফর্ম্যাটে জাতীয় দলের পরিকল্পনার অঙ্গ হিসেবে ছিলেন না। বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় এই পেসার ধরেই নিয়েছিলেন, তিনি আর এই ফর্ম্যাটে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবেন না। কিন্তু হঠাৎই দলের ভরসা হয়ে উঠেছেন সিরাজ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।