
India vs Pakistan: আর্থিক সমস্যায় জর্জরিত শ্রীলঙ্কা (Sri Lanka) টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করে ঘুরে দাঁড়াতে চাইছে। কিন্তু এই ম্যাচ খেলতে চাইছে না পাকিস্তান। পরিস্থিতি বেগতিক দেখে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (Pakistan Cricket Board) ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য রাজি করাতে আসরে নেমে পড়ল শ্রীলঙ্কা ক্রিকেট (Sri Lanka Cricket)। পিসিবি-কে চিঠি দিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রেসিডেন্ট শামনি সিলভা (Shamni Silva)। তিনি পিসিবি-কে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত ফের ভেবে দেখার অনুরোধ করেছেন। শ্রীলঙ্কা ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সম্পর্ক ভালো। সে কথা মাথায় রেখেই শ্রীলঙ্কা ক্রিকেটের প্রেসিডেন্ট আশা করছেন, তাঁদের অনুরোধ রক্ষা করে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে পাকিস্তান।
শ্রীলঙ্কা ক্রিকেট সূত্রে জানা গিয়েছে, তারা ভারত-পাক ম্যাচ আয়োজন করতে বিশেষ আগ্রহী। এই ম্যাচের জন্য সব বাণিজ্যিক, ব্যবস্থাপনা সংক্রান্ত, লজিস্টিক্যাল এবং নিরাপত্তা বিষয়ক বন্দোবস্ত করা হয়েছে। দুই দলের ক্রিকেটার, অতিথি, দর্শকদের আপ্যায়নের জন্যও পরিকল্পনা সম্পূর্ণ। ভারত-পাক ম্যাচের টিকিট বিক্রিও শুরু হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। এই ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে অভূতপূর্ব আগ্রহ দেখা যাচ্ছে। বাণিজ্যিক সংস্থাগুলিও ভারত-পাক ম্যাচ নিয়ে আগ্রহী। এই ম্যাচ না হলে সব আয়োজনই জলে যাবে। ক্রিকেটপ্রেমীরা যেমন হতাশ হবেন, তেমনই শ্রীলঙ্কা ক্রিকেট বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে। এই কারণেই পিসিবি-কে রাজি করাতে মরিয়া শ্রীলঙ্কা ক্রিকেট।
পিসিবি-কে দেওয়া চিঠিতে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রেসিডেন্ট মনে করিয়ে দিয়েছেন, তাঁরা বারবার পাকিস্তানের সঙ্গে সহযোগিতা করেছেন। তাই এবার পাল্টা পাকিস্তানের কাছ থেকে সহযোগিতা চাইছেন। পিসিবি যদি সহযোগিতা না করে তাহলে শ্রীলঙ্কার যেমন সরাসরি আর্থিক ক্ষতি হবে, তেমনই পর্যটনেরও ক্ষতি হবে। এই ক্ষতি সামাল দেওয়ার ক্ষমতা শ্রীলঙ্কার নেই। এই কারণেই তারা ভারত-পাক ম্যাচ আয়োজন করতে মরিয়া।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।